বিদ্যুৎ বিল নিয়ে অনিয়ম, অতিরিক্ত ইউনিট দেখানো এবং সংযোগ বিচ্ছিন্ন থাকার পরও বিল পাঠানোর অভিযোগে নীলফামারীর ডিমলায় পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন কয়েক শত গ্রাহক।
রোববার (২১ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা গ্রাহকরা ডিমলা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা ভুয়া ও অতিরিক্ত বিল বাতিল, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গ্রাহক হয়রানি বন্ধের দাবি জানান।
ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, অনেক ক্ষেত্রে মিটারের রিডিংয়ের সঙ্গে বিলের ইউনিটের মিল নেই। আবার সংযোগ বন্ধ থাকা অবস্থায়ও নিয়মিত বিল পাঠানো হচ্ছে। নষ্ট মিটার পরিবর্তনের আবেদন করেও অনেকে দীর্ঘদিন সমাধান পাচ্ছেন না বলে অভিযোগ করেন।
ডিমলা সদর ইউনিয়নের নটাবাড়ি গ্রামের কৃষক মশিয়ার রহমান বলেন, তার সেচ সংযোগ দুই মাস ধরে বন্ধ থাকলেও ২ হাজার ৯৬৬ টাকার বিল দেওয়া হয়েছে। একই ইউনিয়নের মমিনুর রহমানের অভিযোগ, প্রকৃত ব্যবহারের তুলনায় কয়েকগুণ বেশি ইউনিট দেখিয়ে বিল করা হয়েছে।
নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের রশিদুল ইসলাম বলেন, তার মিটারে রিডিং ৮৩৭ ইউনিট থাকলেও বিলে দেখানো হয়েছে ১১৯২ ইউনিট।
রামডাঙ্গা গ্রামের নুর ইসলাম জানান, ছয় মাস আগে তার মিটার নষ্ট হলেও নতুন মিটার দেওয়া হয়নি। সংযোগ কার্যত বন্ধ থাকার পরও তার নামে নিয়মিত বিল আসছে।
গ্রাহকদের অভিযোগ, বিষয়টি শুধু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং দীর্ঘদিনের ব্যবস্থাপনাগত সমস্যার কারণে অনেক গ্রাহক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
অভিযোগের বিষয়ে ডিমলা পল্লী বিদ্যুৎ সাব-জোনাল ম্যানেজার (এজিএম) মো. মাসুদ আলম বলেন, ঈদের দীর্ঘ ছুটির কারণে মিটার রিডিং সংগ্রহে সমস্যা হওয়ায় কিছু বিল ভুল হতে পারে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সংশোধন করা হবে।
তবে গ্রাহকদের প্রশ্ন, একসঙ্গে এত বিপুল সংখ্যক বিলে ভুল কীভাবে হলো—এ বিষয়ে তারা নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
ডিমলা সাব-জোনাল অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায় ৭৭ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে। এর মধ্যে আবাসিক গ্রাহকের সংখ্যা ৬৫ হাজারের বেশি।
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ডের এলাকা পরিচালক প্রভাষক সাজেদুল ইসলাম লিটন বলেন, দায়িত্বে অবহেলা ও তদারকির ঘাটতির কারণে গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শেখ মনোয়ার মোরশেদ বলেন, অনিয়ম হয়ে থাকলে বিল সংশোধন করা হবে।
এদিকে বিক্ষুব্ধ গ্রাহকরা জানিয়েছেন, দ্রুত সমস্যার সমাধান ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
মতামত