ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নবনিযুক্ত প্রধান সেনাপতি মেজর জেনারেল আহমাদ ওয়াহিদি বাহিনীটির একটি নতুন ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ (ক্ষেপণাস্ত্র নগরী) পরিদর্শন করেছেন।
পরিদর্শনের সময় মার্কিন-ইসরায়েলি সংঘাত ও বৈরী পদক্ষেপের প্রসঙ্গ টেনে শত্রুপক্ষকে কঠোর বার্তা দিয়ে তিনি বলেছেন, ইরানের শত্রুরা বর্তমানে যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, তা কেবল সূচনা মাত্র।
অনুষ্ঠানে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি প্রধান সেনাপতিকে স্বাগত জানিয়ে জানান, সর্বোচ্চ নেতা ও উচ্চপর্যায়ের নির্দেশে যেকোনো যুদ্ধক্ষেত্রে অভিযান চালাতে তাঁদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও উল্লেখ করেন যে, ইরানের বর্তমান সামরিক বহরে অত্যন্ত কার্যকর, শক্তিশালী ও ধ্বংসাত্মক সব আধুনিক অস্ত্রসামগ্রী যুক্ত রয়েছে।
আইআরজিসি প্রধান ওয়াহিদি বলেন, সাম্প্রতিক উত্তেজনার সময় ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর ইউরোপীয় ঘাঁটিগুলো থেকে হাজার হাজার যুদ্ধবিমান উড্ডয়ন করেছে, যা প্রতিপক্ষের বিস্তৃত জোটবদ্ধতার প্রমাণ। তবে ইরান এই কঠিন সময়ে প্রতিপক্ষ জোটের বিরুদ্ধে কৌশলগত বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যেকোনো দীর্ঘমেয়াদি পরিস্থিতি মোকাবিলায় দেশটির সশস্ত্র বাহিনীর কাছে পর্যাপ্ত কৌশলগত অস্ত্র ও সরঞ্জাম সংরক্ষিত রয়েছে।
সূত্র: আল মায়াদিন
মতামত