জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াতকে (মুন) আটক করেছে পুলিশ। ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
বুধবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছাত্রদলের নেতা-কর্মীরা ধানমন্ডি ২৭ নম্বর শাখাওয়াতকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে এসেছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচাই-বাছাই চলছে।
শাখাওয়াতকে আটকের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন। এতে দেখা যায়, শাখাওয়াতকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তাঁর কাছে ডিসেম্বর ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনা জানতে চাওয়া হয়। জবাবে শাখাওয়াত বলেন, তিনি ‘ওএসডি’ অবস্থায় আছেন। এ সময় একজন তাকে থাপ্পড় দেন।
ভিডিওতে আরও দেখা যায়, ছাত্রদল নেতা মোতাহার হোসেন শাখাওয়াতের কাছে নাম জানতে চান। সরকারি আমলা হয়ে আর নাশকতা করবেন কি না, তা-ও জানতে চান তিনি। জবাবে আর করবেন না বলে জানান শাখাওয়াত। এ সময় তাকে কান ধরতে বলেন ছাত্রদল নেতা-কর্মীরা। তিনি কান ধরেন। পরে পুলিশ তাকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়।
মতামত