বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনাকে ‘মিথ্যা, ভুয়া ও রাজনৈতিক অপপ্রচার’ দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াসিন আলী। পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে. এম. শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সংগঠক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, গোলাপ হোসেন, সাবেক পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, কুরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আ. হাকিম রিন্টু, উপজেলা কৃষক দলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মন্ডল পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মো. নূরনবীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ২৪ নভেম্বর ২০২৬ মঙ্গলবার দিবাগত গভীর রাতে নাটোর-বগুড়া মহাসড়ক সংলগ্ন নন্দীগ্রাম ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে দোকানপাট ও বাড়ির ফেলে রাখা ময়লার স্তূপে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। দূর থেকে একটি অসাধু চক্র ক্যামেরার মাধ্যমে সেই দৃশ্য ধারণ করে এবং এআই (AI) প্রযুক্তির সহায়তায় তা বড় করে ফলাও আকারে প্রচার করে বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের স্মৃতি ও পৈতৃক সম্পৃক্ততার কারণে রাজনৈতিক অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে একটি মহল ড্রেনের পাশে পড়ে থাকা ময়লা-আবর্জনার স্তূপে আগুন লাগার ছোট ঘটনাকে অতিরঞ্জিত করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালিয়েছে।
বক্তব্যে বলা হয়, বাস্তবে বগুড়া-নাটোর মহাসড়কের পাশে অবস্থিত নন্দীগ্রাম উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের ভেতরে, বাইরে কিংবা চারপাশে কোথাও আগুনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থল পর্যবেক্ষণ করে বিষয়টি নিশ্চিত করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ সময় গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই অপপ্রচারের মুখোশ উন্মোচন করে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রকাশিত বিভ্রান্তিকর খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এমন অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসী ও এলাকাবাসীর প্রতি অনুরোধ জানানো হয়। বার্তা প্রেরক হিসেবে ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. সুলতান মাহমুদ।
মতামত