কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণে এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রশিবির।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক কায়েছুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এ বিষয়ে কুবি ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের মতো গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শিক্ষার্থীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। বিশেষ করে একজন শিক্ষার্থী ও একজন সাধারণ নাগরিকের আহত হওয়ার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাঁদের আইনের আওতায় আনতে হবে।’
তিনি আরও বলেন, ‘কয়েক দিন আগে বাসে আগুন দেওয়ার ঘটনায় প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারেনি। ফলে আজ ককটেল বিস্ফোরণের মতো দুঃসাহস দেখিয়েছে সন্ত্রাসী লীগ।’
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও তাৎক্ষণিকভাবে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে অবহিত করে। পুলিশ ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে।
মতামত