এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাদের উত্তরপত্র পুনরায় মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূল্যায়নে পরীক্ষকদের কোনো অবহেলা বা ভুল প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণেও অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। কেউ ফেল থেকে পাস করেছেন, আবার কেউ জিপিএ-৫ পেয়েছেন। শুধু ফল পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিলেই হবে না, কেন এমনটি ঘটেছে, সেটিও খতিয়ে দেখা জরুরি। পরীক্ষকেরা যথাযথভাবে উত্তরপত্র মূল্যায়ন করেছেন কি না, তা যাচাই করতে হবে।
তিনি বলেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পরও একই ধরনের ঘটনা ঘটেছে। এ কারণে বিভিন্ন শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের পর যেসব উত্তরপত্রের ফল পরিবর্তন হয়েছে, সেগুলো অন্য বোর্ডে পাঠিয়ে পুনরায় মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এক বোর্ডের উত্তরপত্র অন্য বোর্ডে এবং সেখানকার উত্তরপত্র আরেক বোর্ডে পাঠিয়ে নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। এর মাধ্যমে ফল পরিবর্তনের প্রকৃত কারণ শনাক্ত করতে চায় সরকার।
এহছানুল হক মিলন আরও বলেন, পুনর্মূল্যায়নে পরীক্ষকের অবহেলা বা ভুলের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আর যেসব পরীক্ষকের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে, তাঁদের প্রশিক্ষণের আওতায় আনা হবে।
শিক্ষার্থীদের ন্যায্য ফল নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, পরীক্ষকের ভুলের কারণে কোনো শিক্ষার্থী ভালো পরীক্ষা দিয়েও প্রত্যাশিত ফল থেকে বঞ্চিত হবেন, তা গ্রহণযোগ্য নয়। একইভাবে যথাযথ মূল্যায়ন ছাড়া কাউকে ভালো ফল দেওয়ার সুযোগও থাকা উচিত নয়। পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, শিক্ষাব্যবস্থার দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলো এড়িয়ে না গিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
মতামত