বিজয়ের মাস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু হবে। উদ্বোধনী কর্মসূচিতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান রিজভী। তিনি বলেন, ‘বিজয়ের মাসের উদ্বোধনী অনুষ্ঠানটি আমরা একটু বড় সমাবেশের মাধ্যমে শুরু করব। সে লক্ষ্যেই আজ (গতকাল) আমাদের প্রস্তুতি সভা হয়েছে।’
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিজয়ের মাস উদযাপন উপলক্ষে সরকারি সব কর্মসূচি প্রণয়ন করা হয়েছে এবং দলীয় ভিত্তিতে সব কর্মসূচি ঘোষিত হয়েছে। এটি শুরু হবে ডিসেম্বরের প্রথম দিন একটি বড় র্যালির মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে অংশগ্রহণ করবেন।
আর কখনও ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন হবে না
দেশে আর কখনও ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান এবং প্রত্যাবর্তন হবে না বলে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। আমরা সেই ধারাকে অব্যাহত রাখব। দেশের জনগণ আমাদের সঙ্গে থাকবে, সেই প্রত্যাশা আমাদের আছে। আমরা গণতান্ত্রিক আচরণ করব।’
পতিত আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের প্রেক্ষাপটে বর্তমানে অনেকেই রাজনীতিতে অস্থিরতার কথা বলছেন। আমি কোনো অস্থিরতা দেখি না। পতিত ফ্যাসিবাদী শক্তি গণহত্যার মধ্য দিয়ে পলায়ন করেছে। তারা বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক।
তিনি বলেন, আমরা অত্যন্ত ধৈর্য সহকারে গণতান্ত্রিকভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চূড়ান্ত ধৈর্য ধারণ করতে হয়েছে। সেটা প্রশংসিত হয়েছে দেশে এবং বিদেশে।
‘দেশের এক ইঞ্চি মাটিতেও হস্তক্ষেপ করতে দেওয়া হবে না’
দেশের সার্বভৌমত্ব প্রসঙ্গে রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে মন্ত্রী পর্যায়ের এক ব্যক্তি ১৬ ডিসেম্বর ঢাকা দখলের কথা বলেছেন। এ বক্তব্যের জন্য তাঁকে ধিক্কার জানাই। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব এ দেশের মানুষের অহংকার। দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো আধিপত্যবাদী শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।
পাশের দেশের উস্কানির অভিযোগ
ফ্যাসিবাদী শক্তি পাশের একটি দেশের উস্কানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নবগঠিত শ্রমিক দলের আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান এমপি, সদস্য সচিব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি।
মতামত