ইসরায়েলকে সার্বক্ষণিক যুদ্ধের মানসিকতা থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক কূটনীতিতে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন দূত জ্যারেড কুশনার। একই সঙ্গে ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের বিকল্প খোলা রেখেছেন বলেও জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ‘এমডি মিটস’ পডকাস্টে জার্মান মিডিয়া গোষ্ঠী অ্যাক্সেল স্প্রিংগারের প্রধান নির্বাহী ম্যাথিয়াস ডপফনারকে দেওয়া সাক্ষাৎকারে কুশনার এসব কথা বলেন।
সাক্ষাৎকারে কুশনার বলেন, ইসরায়েলের এখন সার্বক্ষণিক যুদ্ধের মানসিকতা ত্যাগ করে অর্থনৈতিক কূটনীতিতে গুরুত্ব দেওয়া উচিত। দেশটির শক্তিশালী অর্থনীতি ও উন্নত প্রযুক্তি রয়েছে। তাই ইসরায়েলের সঙ্গে অংশীদার হলে অন্য দেশগুলোর কী লাভ হবে, তা এখন সামনে নিয়ে আসতে হবে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উদাহরণ টেনে তিনি বলেন, উপসাগরীয় এই দেশগুলো যখন ওয়াশিংটনে আসে, তখন ১০০ ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে আসে এবং বড় বড় বাণিজ্য চুক্তি করে। ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন আরও সামরিক পদক্ষেপ নেবে কিনা– এমন প্রশ্নের জবাবে কুশনার জানান, প্রেসিডেন্ট ট্রাম্প সব সময় সব বিকল্প তাঁর টেবিলে খোলা রাখেন। এদিকে ইরানে সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রয়োজন নেই বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেছেন, যুক্তরাষ্ট্রকে সঙ্গে না নিয়েও যে কোনো মুহূর্তে ইরানে শক্তিশালী হামলা চালাতে প্রস্তুত ইসরায়েলি সেনাবাহিনী।
রাসায়নিক অস্ত্র নিয়ে ইরান-ইসরায়েল বাগ্যুদ্ধ
ইসরায়েল যুক্তরাষ্ট্রকে আরেকটি যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। গত বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ওষুধের কারখানায় ইরান রাসায়নিক অস্ত্র তৈরি ও লুকিয়ে রাখছে বলে ইসরায়েল নির্লজ্জ মিথ্যাচার করছে।
বাসিজের শক্তি কাজে লাগানোর আহ্বান খামেনির
স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী বাসিজের শক্তিকে দেশের সমস্যা সমাধানে পুরোপুরি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বাসিজ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এই বাহিনীকে আরও আধুনিক ও নতুন রূপে সংগঠিত করার নির্দেশ দেন। এদিকে ওমানের খাসাব বন্দরের কাছে নৌ মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে গেছে।
মতামত