জর্জ অরওয়েলের কালজয়ী উপন্যাস ‘১৯৮৪’-এ দেখানো হয় কোনো কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার জন্য সবচেয়ে বড় হুমকি সীমান্তে ধেয়ে আসা কোনো সেনাবাহিনী বা শত্রুর আক্রমণ নয়; বরং মানুষের ভিন্নভাবে চিন্তা করার সম্ভাবনা। অরওয়েলের কল্পিত সেই জগতে তথ্য নিয়ন্ত্রণ করা মানেই ছিল বাস্তবতাকে নিয়ন্ত্রণ করা; যেখানে বই উধাও হয়ে যেত, অসুবিধাজনক ইতিহাস নতুন করে লেখা হতো এবং স্বাধীন কণ্ঠস্বরগুলো কেবল সত্যের ভিন্ন একটি রূপ তুলে ধরার কারণেই বিপজ্জনক হয়ে উঠত। সেটি ছিল কল্পনার জগৎ কিন্তু সমসাময়িক দক্ষিণ এশিয়ায় এর সতর্কবার্তা ক্রমেই প্রাসঙ্গিক হয়ে উঠছে, যেখানে একটি সাধারণ নাটকও জাতীয় নিরাপত্তার উদ্বেগে পরিণত হতে পারে।
চলতি সপ্তাহে ভারতের একটি চলচ্চিত্র কর্মী সংগঠন নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম মৌলিক সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ যেন ভারতে স্ট্রিমিং বা সম্প্রচার করা না হয়, সে জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছে। পাকিস্তানের অত্যন্ত পরিচিত মুখ ফাওয়াদ খান, মাহিরা খান, হানিয়া আমির এবং সানাম সাঈদের মতো তারকাদের অভিনীত এই সিরিজটি আগামী ৪ ডিসেম্বর, ২০২৬-এ আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। ফারহাত ইশতিয়াকের সর্বাধিক বিক্রিত উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজে তিনটি প্রজন্মের ছয়টি আন্তঃসম্পর্কিত প্রেমের গল্প তুলে ধরা হয়েছে।
ভারতীয় ওই সংগঠনটির সেন্সরশিপ বা নিষেধাজ্ঞার দাবি কেবল একটি নির্দিষ্ট প্রযোজনার মধ্যেই সীমাবদ্ধ নয়। ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ ভারতের টেলিভিশন, সিনেমা হল এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্ট, শিল্পী এবং প্রযোজনা চিরতরে নিষিদ্ধ করার জন্য একটি স্থায়ী আইন প্রণয়নের দাবি জানিয়েছে। এই আবেদনটি এমন এক পরিচিত দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন ঘটায়, যেখানে সাংস্কৃতিক বিনিময়কে পারস্পরিক বোঝাপড়া তৈরির সুযোগ হিসেবে না দেখে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হলেই দমিয়ে রাখার বিষয় হিসেবে বিবেচনা করা হয়। একদিকে পাকিস্তান যখন বিশ্বব্যাপী স্ট্রিমিং দর্শকদের সামনে নিজেদের গল্প বলার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে ভারতের চলচ্চিত্র শিল্পের একটি অংশ তখন প্রধানমন্ত্রীকে অনুরোধ করছে যেন ভারতীয় দর্শকরা তা কখনোই দেখতে না পান।
২০২৫ সালের মে মাসে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশে পরিচালিত ওটিটি প্ল্যাটফর্ম এবং স্ট্রিমিং পরিষেবাগুলোকে পাকিস্তানি চলচ্চিত্র, নাটক, গান এবং অন্যান্য কনটেন্ট প্রচার বন্ধ করার জন্য একটি নির্দেশিকা জারি করেছিল। ২০২৫ সালের ২২ এপ্রিল পেহেলগামে হামলার ঘটনার পর এই পদক্ষেপ নেওয়া হয়; ওই ঘটনায় ভারত পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তুলেছিল, যা ইসলামাবাদ অস্বীকার করে। এর পরবর্তী সামরিক উত্তেজনা ভঙ্গুর সাংস্কৃতিক সম্পর্ককে আরও ক্ষতিগ্রস্ত করে এবং বিস্তৃত রাজনৈতিক বিরোধের জালে বিনোদন জড়িয়ে পড়ায় পাকিস্তানি শিল্পীরা নতুন করে নিষেধাজ্ঞার মুখে পড়েন।
নাগরিকদের সুরক্ষা দেওয়ার বৈধ দায়িত্ব সরকারের অবশ্যই রয়েছে কিন্তু সেই দায়িত্বের কারণে প্রতিবেশী দেশের প্রতিটি শিল্পী, চলচ্চিত্র নির্মাতা, সংগীতশিল্পী বা টেলিভিশন প্রযোজনাকে স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে গণ্য করা উচিত নয়। সম্পর্ক, পরিবার এবং মানবিক আবেগ নিয়ে নির্মিত একটি উর্দু ভাষার নাটকে এত ভয়ের কী আছে?
একটা সময় ছিল যখন পাকিস্তানি নাটক কোনো কূটনৈতিক অনুমতি ছাড়াই ভারতের সীমানা পেরিয়ে দর্শকদের মন জয় করত। ২০১৪ সালে সম্প্রচারের পর ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ‘হামসফর’ ভারতে বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছিল। ‘জিন্দেগি গুলজার হ্যায়’ এবং অন্যান্য পাকিস্তানি প্রযোজনাও এমন দর্শক খুঁজে পেয়েছিল, যারা নাটকগুলোর চরিত্র, আবেগের গভীরতা এবং পরিচিত সাংস্কৃতিক অভিজ্ঞতার সাথে নিজেদের একাত্ম করতে পেরেছিলেন। সেই দর্শকরা যে রাজনীতি, ইতিহাস বা জাতীয় পরিচয়ের প্রশ্নে একমত ছিলেন তা নয়; তারা কেবল গল্পগুলোর ভেতরে মানবিক কিছু খুঁজে পেয়েছিলেন।
যারা রাজনৈতিক বৈরিতাকে স্থায়ী রূপ দিতে চান, তাদের জন্য সাংস্কৃতিক বিনিময়ের এই দিকটিই সম্ভবত সবচেয়ে অস্বস্তিকর। একটি টেলিভিশন নাটক দর্শকদের এমন এক জনগোষ্ঠীর সাথে পরিচয় করিয়ে দিতে পারে, যাদের কেবল প্রতিদ্বন্দ্বিতার ভাষা ও চিত্রকল্পের মাধ্যমে দেখতে অভ্যস্ত করা হয়েছে। একটি পরিচিত অভিব্যক্তি, অভিন্ন ভাষা কিংবা আবেগঘন কোনো চরিত্র এমন সব মিল প্রকাশ করতে পারে, যা রাজনৈতিক বাগাড়ম্বর আড়াল করে রাখে। সংস্কৃতি হয়তো আঞ্চলিক বিরোধ মেটাতে পারে না বা ঐতিহাসিক মতপার্থক্য মুছে ফেলতে পারে না কিন্তু এটি এমন একটি পরিসর তৈরি করতে পারে যেখানে সমাজগুলো রাষ্ট্রীয় বয়ানের সীমানা ছাড়িয়ে একে অপরকে চিনতে পারে। আর এ কারণেই রাজনৈতিক সম্পর্ক জটিল এমন দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
মোদির সরকার ক্রমবর্ধমানভাবে এমন এক রাজনৈতিক পরিবেশে কাজ করছে, যেখানে জাতীয় পরিচয়, নিরাপত্তা এবং সাংস্কৃতিক অন্তর্ভুক্তি ওতপ্রোতভাবে জড়িত। পাকিস্তানি শিল্পী ও বিনোদনের প্রতি এই আচরণ স্পষ্ট করে দেয় যে, জাতীয় নিরাপত্তার ভাষা কত দ্রুত সাংস্কৃতিক অঙ্গনে বিস্তৃত হতে পারে। পাকিস্তানি বিনোদনের ওপর স্থায়ী আইনি নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা এই বৈরিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে এবং একটি রাজনৈতিক মতপার্থক্যকে সাধারণ মানুষ, শিল্পী ও দর্শকদের মধ্যে দীর্ঘমেয়াদী দেয়ালে পরিণত করবে।
এটি ভারতের নিজস্ব সাংস্কৃতিক শিল্পের আত্মবিশ্বাস নিয়েও একটি দ্বন্দ্বমূলক বার্তা দেয়। বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র শিল্পের অধিকারী একটি দেশের দর্শকরা পাকিস্তানি নাটক দেখবে; এ নিয়ে ভীত হওয়ার কোনো কারণ থাকা উচিত নয়। কোনো প্রযোজনা আকর্ষণীয় হলে দর্শকরা এর গুণাগুণ বিচার করে তা দেখবেন, আর ভালো না লাগলে চ্যানেল বদলে ফেলবেন। ভারতীয় বিনোদন জগতের বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষার কথা বিবেচনা করলে এই বিষয়টি আরও বেশি হাস্যকর হয়ে দাঁড়ায়। ভাষাগত, ভৌগোলিক এবং রাজনৈতিক সীমানা অতিক্রম করার সক্ষমতা থেকে বলিউড ব্যাপকভাবে লাভবান হয়েছে। অথচ পাকিস্তানি গল্প বলার ধরন যখন একই ধরনের স্বীকৃতি খুঁজছে, তখন ভারতীয় চলচ্চিত্র শিল্পের একটি অংশ দরজা বন্ধ করে দেওয়ার দাবি তুলছে।
পাকিস্তানের জন্য ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ কেবল আরেকটি টেলিভিশন প্রযোজনার চেয়েও অনেক বড় কিছু। এটি পাকিস্তানি বিনোদনের আন্তর্জাতিক দৃশ্যমানতার এক নতুন পর্যায়ের সূচনা করেছে। নেটফ্লিক্সের এই যৌথ উদ্যোগ পাকিস্তানের একটি সৃজনশীল দলকে বিশ্বব্যাপী দর্শকদের সামনে উর্দু ভাষার গল্প তুলে ধরার সুযোগ করে দিয়েছে, যেখানে প্রতিষ্ঠিত অভিনয়শিল্পী এবং একজন পাকিস্তানি লেখকের উপন্যাস দেশটির সাহিত্য ও বিনোদন শিল্পের সক্ষমতাকে প্রমাণ করছে। এর গুরুত্ব ভারতীয় গ্রাহকরা এটি দেখতে পেলেন কি না, তার ওপর নির্ভর করে না। প্রকৃতপক্ষে, এই বিতর্ক এমন একটি প্রযোজনার প্রতি আন্তর্জাতিক মনোযোগ আরও বাড়িয়ে দিয়েছে, যা অন্যথায় হয়তো কেবল বিনোদন মহলেই আলোচিত হতো। এর দর্শক সীমিত করার ভারতীয় প্রচেষ্টা সিরিজটির মুক্তির গল্পে বাড়তি মাত্রা যোগ করেছে।
আবারও অরওয়েলের প্রসঙ্গে ফিরলে দেখা যায়, ‘১৯৮৪’-এর সবচেয়ে উদ্বেগজনক দিকটি কেবল সেন্সরশিপ ছিল না বরং নির্দিষ্ট কিছু চিন্তা, কণ্ঠস্বর ও অভিব্যক্তির অস্তিত্ব থাকা উচিত নয়; এই ধারণাটিকে ধীরে ধীরে স্বাভাবিক করে তোলা। সরকার এবং রাজনৈতিক সংগঠনগুলো যখন শৈল্পিক অভিব্যক্তিকে জাতীয় সংঘাতের বর্ধিত অংশ হিসেবে বিবেচনা করে, তখন সাধারণ সাংস্কৃতিক সম্পর্কগুলো ভূ-রাজনৈতিক বৈরিতার শিকারে পরিণত হয়।
জাতীয় স্বার্থ রক্ষা করা এবং স্থায়ী শত্রুতা লালন করার মধ্যে পার্থক্য রয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকা এবং একটি পুরো জনগোষ্ঠীর সৃজনশীল অভিব্যক্তিকে দর্শকদের কাছ থেকে বঞ্চিত করা উচিত বলে বিশ্বাস করার মধ্যেও বিস্তর ফারাক আছে। ভারত হয়তো নিজের সীমানার ভেতরে পাকিস্তানি কনটেন্টের প্রবেশাধিকার আটকাতে পারে, কিন্তু বাকি বিশ্ব পাকিস্তানি গল্প দেখবে কি না, প্রশংসা করবে কি না বা গ্রহণ করবে কি না; তা ভারত নির্ধারণ করতে পারে না।
সম্ভবত এটিই এই ঘটনার মূল আখ্যান। একটি নাটককে একটি দেশে পর্দায় আসতে বাধা দেওয়া হলেও তা মহাদেশজুড়ে ছড়িয়ে পড়তে পারে। একজন শিল্পীকে একটি চলচ্চিত্র শিল্প থেকে বাদ দেওয়া হলেও তিনি বিশ্বজুড়ে দর্শক খুঁজে নিতে পারেন। একটি ভাষাকে একটি বাজারে রাজনৈতিকভাবে কোণঠাসা করা হলেও অসংখ্য জায়গায় তা উদযাপিত হতে পারে। অরওয়েলের জগতে ক্ষমতা নিয়ন্ত্রণ করতে চেয়েছিল মানুষ কী দেখবে, কী শুনবে এবং কী মনে রাখবে। কিন্তু বাস্তব জগতে গল্পগুলো সেই সব রাজনৈতিক উদ্বেগকে ছাপিয়ে টিকে থাকে, যা সেগুলোকে স্তব্ধ করে দিতে চায়।
পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনালকে ভারতের প্রতি কোনো চ্যালেঞ্জ হিসেবে না দেখে পাকিস্তানের জন্য একটি সুযোগ হিসেবে দেখা উচিত। এর সাফল্য বিচার করা উচিত এটি কত দর্শকের কাছে পৌঁছাল, কী ধরনের আলোচনার জন্ম দিল এবং দেশটির সৃজনশীল শিল্পে কতটা আত্মবিশ্বাস জোগাল তার ওপর ভিত্তি করে।
সূত্র: এশিয়া টাইমস
মতামত