যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলারের এই উদ্যোগের মাধ্যমে স্যাটেলাইট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবসার প্রতি জনসমর্থন বাড়াতে চাইছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মাস্ক এ ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা আগেই মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের জন্য ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণ ও মোতায়েনের অনুমোদন পায় স্পেসএক্স।
আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রযুক্তি খাত নিয়ে জনসাধারণ ও রাজনৈতিক মহলে ক্রমবর্ধমান সমালোচনার মধ্যেই এ উদ্যোগ নিয়েছেন মাস্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে স্পেসএক্সের কার্যক্রম সম্প্রসারণ করতে চাইছেন তিনি। তবে কম্পিউটিং অবকাঠামোর দ্রুত বিস্তারের ফলে পরিবেশগত প্রভাব এবং প্রযুক্তি খাতের শীর্ষ ধনীদের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।
চলতি মাসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেটা সেন্টার স্থাপনের বিরোধিতাকারী ডেমোক্র্যাট প্রার্থীদের অনেকেই উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন।
সিঙ্গাপুরে ওসিবিসির সম্পদ ব্যবস্থাপনা পরামর্শ বিভাগের প্রধান চেজ আনবু বৃহস্পতিবার বলেন, এ উদ্যোগ স্পেসএক্সের সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে। শিশুদের সরাসরি কোম্পানির মালিকানায় অংশীদার করার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মহাকাশ অর্থনীতির সুফলে বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণের একটি শক্তিশালী বার্তা তৈরি হবে।
মহাকাশে ডেটা সেন্টার নিয়ে উদ্বেগ
যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ক্রমবর্ধমান কম্পিউটিং চাহিদা মেটাতে স্পেসএক্সের স্যাটেলাইট নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
তবে মহাকাশে বিপুলসংখ্যক স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
এফসিসির সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রস্তাবিত স্যাটেলাইট নেটওয়ার্ক জ্যোতির্বিজ্ঞান গবেষণা অবকাঠামোয় কয়েক দশকের সরকারি বিনিয়োগের সুফলকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। পাশাপাশি রাতের আকাশ পর্যবেক্ষণ ও গবেষণার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি হতে পারে।
যেভাবে শেয়ার পাবে শিশুরা
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক জানিয়েছেন, প্রতিটি শিশুকে একটি শেয়ার দেবে স্পেসএক্স এবং অন্যটি দেবেন তিনি ব্যক্তিগতভাবে।
পৃথক আরেকটি পোস্টে তিনি জানান, আগামী ডিসেম্বরে স্পেসএক্সের পক্ষ থেকে শেয়ার হস্তান্তর করা হবে। আর ২০২৭ সালের জুনে তার শেয়ার বিক্রি ও হস্তান্তরের ওপর থাকা সাময়িক বিধিনিষেধের মেয়াদ শেষ হলে ব্যক্তিগত শেয়ারগুলো হস্তান্তর করবেন তিনি।
এর আগে বুধবার স্পেসএক্স জানায়, বর্তমানে সক্রিয় প্রতিটি ‘ট্রাম্প অ্যাকাউন্টে’ কোম্পানির নতুন ইস্যু করা ক্লাস ‘এ’ সাধারণ শেয়ারের একটি করে দেওয়া হবে। কোম্পানির দেওয়া শেয়ারের সমপরিমাণ শেয়ার ব্যক্তিগতভাবে দেবেন মাস্ক।
‘ট্রাম্প অ্যাকাউন্ট’ যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী নাগরিকদের শেয়ারবাজারে অংশগ্রহণ এবং ছোটবেলা থেকেই সম্পদ গড়ে তোলার সুযোগ দিতে চালু করা একটি কর্মসূচি।
গত অক্টোবরে হোয়াইট হাউস জানিয়েছিল, এ কর্মসূচির আওতায় প্রায় সাত কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। বুধবার লেনদেন শেষে স্পেসএক্সের প্রতিটি শেয়ারের দাম ছিল ১২৭ দশমিক ৪৪ ডলার। সে হিসাবে ঘোষিত শেয়ার বিতরণ কর্মসূচির আর্থিক মূল্য প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলার।
তবে মাস্কের ব্যক্তিগত শেয়ার বিতরণও ট্রাম্প অ্যাকাউন্টের মাধ্যমে করা হবে কি না, সে বিষয়ে জানতে চাওয়া হলেও স্পেসএক্স কোনো মন্তব্য করেনি।
দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী তৈরির সম্ভাবনা
ব্রোকারেজ প্রতিষ্ঠান মিট্রেড গ্রুপের বৈশ্বিক বাজারবিষয়ক পরামর্শক ক্রিস্টোফার ব্র্যাঙ্কিনের মতে, এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘমেয়াদে বিপুলসংখ্যক ক্ষুদ্র বিনিয়োগকারী তৈরি হবে।
তিনি বলেন, এর ফলে শেয়ারবাজারে তাৎক্ষণিক অংশগ্রহণ বাড়বে। পাশাপাশি এই প্রজন্ম প্রাপ্তবয়স্ক হওয়ার পর আর্থিক বিষয়ে জ্ঞানসম্পন্ন বিপুলসংখ্যক সম্ভাব্য গ্রাহক পাবে শেয়ার লেনদেনকারী প্রতিষ্ঠানগুলো।
বর্তমানে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ৮২ হাজার ৪০০ কোটি ডলার। গত জুনের হিসাব অনুযায়ী, স্পেসএক্সে তার প্রায় ৬৪২ কোটি শেয়ার ছিল।
গত মাসেই যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে নিজের মালিকানাধীন স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মাস্ক।
সে সময় এক্সে তিনি লিখেছিলেন, আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে নিজের স্পেসএক্সের একটি করে শেয়ার দেবেন। এটি হবে এ ধরনের আরও অনেক উদ্যোগের প্রথমটি।
মাস্কের মতে, ভবিষ্যতের অর্থনীতিতে মালিকানার অংশ হিসেবে শেয়ার সরাসরি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়াই এগিয়ে যাওয়ার পথ।
মাস্ক তার অধিকাংশ দাতব্য কার্যক্রম পরিচালনা করেন মাস্ক ফাউন্ডেশনের মাধ্যমে। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ ফাউন্ডেশনের সম্পদের পরিমাণ ১ হাজার ৪০০ কোটি ডলারের বেশি।
এর আগে গত অক্টোবরে স্পেসএক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েল ও তার স্বামী ট্রাম্পের এ কর্মসূচির আওতায় ২০ লাখের বেশি শিশুকে নিজেদের মালিকানাধীন স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
মতামত