ধান কাটা মাঠে পড়ে থাকা খড়ের ওপর পুরোনো কাপড় টাঙিয়ে বাঁশের কঞ্চি দিয়ে ছোট ছোট ঘর তৈরিতে ব্যস্ত একদল শিশু। তাদের কাছে এই ঘরই আনন্দের এক বিশেষ জায়গা। কারণ, আজ তাদের পুতুলের বিয়ে। এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাবে পুতুল কন্যা। তাই বিয়ের ঘর সাজানো থেকে শুরু করে নানা আয়োজন নিয়ে শিশুদের ব্যস্ততার শেষ নেই।
পুরোনো কাপড়, কয়েকটি বাঁশের কঞ্চি আর কল্পনাশক্তিকে সম্বল করে তারা তৈরি করছে বিয়ের ঘর। কেউ কাপড় ধরে রাখছে, কেউ আবার ঘর সাজানোর কাজে ব্যস্ত। নেই দামি খেলনা কিংবা আধুনিক কোনো আয়োজন। তবু তাদের উচ্ছ্বাসে কোনো ঘাটতি নেই।
একসময় গ্রামবাংলার শৈশবে এমন দৃশ্য ছিল খুবই স্বাভাবিক। বন্ধুদের সঙ্গে পুতুলের বিয়ে দেওয়া, মাটির ঘর তৈরি কিংবা মাঠে ঘুরে বেড়ানোর মধ্যেই খুঁজে পাওয়া যেত নির্মল আনন্দ। সময়ের পরিবর্তনে শিশুদের খেলার ধরন বদলেছে। হারিয়ে গেছে শৈশবের অনেক চেনা খেলা। তবে গ্রামাঞ্চলের কিছু জায়গায় এখনো টিকে রয়েছে সেই সহজ-সরল আনন্দের ঐতিহ্য।
শিশুদের তৈরি এই খেলাঘর যেন ফিরিয়ে আনে ফেলে আসা দিনের স্মৃতি। শৈশবের আনন্দ যে দামি খেলনা কিংবা বড় কোনো আয়োজনের ওপর নির্ভরশীল নয়, এই দৃশ্য তারই প্রমাণ। সামান্য কিছু উপকরণ, কয়েকজন বন্ধু আর কল্পনার জগৎ মিলেই গড়ে উঠতে পারে আনন্দে ভরা এক ছোট্ট পৃথিবী।
পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ডিকসির বিল থেকে ছবিটি তোলা হয়েছে। ধান কাটা মাঠে শিশুদের পুতুলের বিয়ের ঘর সাজানোর এই আয়োজন যেন হারিয়ে যেতে বসা শৈশবের এক জীবন্ত প্রতিচ্ছবি।

মতামত