সার্চটুডে

কাজীরাবাদে ২০ বছর পর সড়কের উন্নয়ন: ওসি মিজানুর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ এলাকাবাসীর

বরগুনার বেতাগী উপজেলার ৬নং কাজীরাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব কাজীরাবাদ, চারা স্কুল থেকে কাজীরাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে অবহেলিত ও কাঁচা অবস্থায় থাকা এই সড়কটিতে উন্নয়ন কর্মকাণ্ড শুরু হওয়ার প্রক্রিয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও স্বস্তি দেখা দিয়েছে।  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘বরগুনা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (BDRIIP)’-এর আওতায় সড়কটির (আইডি নম্বর: ৫০৪৪৭৪০৩৬) প্রস্তাবিত দৈর্ঘ্য ধরা হয়েছে ১.০০ কিলোমিটার (‘Chara School (RHD)-Kazirabad Dakhil Madrasha Road. at (Ch:00-1000m)’)। গত ২৪ নভেম্বর ২০২৬ তারিখে প্রকল্প পরিচালক মো. শাহজাহান ফরাজী স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে বরগুনার নির্বাহী প্রকৌশলীকে সরেজমিনে পরিদর্শনপূর্বক বাস্তবায়নযোগ্য ও প্রয়োজনীয় অংশের তথ্যাদিসহ বিস্তারিত প্রাক্কলন প্রস্তুত করে দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।  দাপ্তরিক নির্দেশনা অনুযায়ী, এলজিইডির অনুমোদিত রেট সিডিউল অনুসরণ করে মাটির কাজ, সড়ক (বিসি), কালভার্ট, ইউড্রেন, স্লোপ প্রটেকশন, ট্রাফিক সাইন, গাইড পোস্ট ও রোড মার্কিংসহ প্রয়োজনীয় বিষয়গুলো প্রাক্কলনে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি শুরু, মাঝ ও শেষ চেইনেজ জিপিএস (Latitude & Longitude) দিয়ে চিহ্নিত করা এবং প্রয়োজনে বৈদ্যুতিক খুঁটি অপসারণের বিষয়ও উল্লেখ রয়েছে।  সড়কটি অনুমোদন ও উন্নয়ন প্রক্রিয়ায় আন্তরিক প্রচেষ্টা, সুপারিশ ও সার্বিক সহযোগিতার জন্য সাতক্ষীরার কলারোয়া থানার ওসি জনাব মিজানুর রহমান রেমুর প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বিশেষ করে ৩ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় দীর্ঘ দুই দশক পর অবহেলিত রাস্তাটির প্রাণ ফিরিয়ে দেওয়ার উদ্যোগে মিজানুর রহমান রিমুর প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানানো হয়। ওয়ার্ডবাসীর মতে, এই সড়ক দিয়ে যাতায়াতকারী অসংখ্য মানুষ ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে তার এই অবদান এলাকাবাসী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।  এ বিষয়ে বরগুনা-২ আসনের সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনির প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বেতাগীর উন্নয়নের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড গতি পেয়েছে এবং তারা উন্নয়নের সুফল পেতে শুরু করেছেন।

কাজীরাবাদে ২০ বছর পর সড়কের উন্নয়ন: ওসি মিজানুর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ এলাকাবাসীর