নোয়াখালী জেলায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা, অপরাধপ্রবণতা ও সামাজিক বিশৃঙ্খলা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ২৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৮ জনকে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারা মোতাবেক আটক করা হয়েছে। অপর ১৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
থানাভিত্তিক অভিযানের তথ্যে জানা যায়, কোম্পানীগঞ্জ থানায় ৩ জন, কবিরহাট থানায় ৩ জন, সেনবাগ থানায় ৩ জন, সোনাইমুড়ী থানায় ২ জন, চাটখিল থানায় ১ জন এবং চরজব্বর থানায় ২ জনকে আটক করার পর মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
অন্যদিকে, বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারা মোতাবেক ৪ জনকে আটক করে। হাতিয়া থানা এলাকায় মোট ৭ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪ জনকে ৩৪ ধারা মোতাবেক আটক করা হয়েছে এবং অপর ৩ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের সুস্থ, সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের মানুষের সমন্বয়ে জনসচেতনতামূলক ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হবে।
পুলিশের মতে, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে শুধু আইন প্রয়োগ নয়, পারিবারিক সচেতনতা, নৈতিক শিক্ষা, সামাজিক দায়িত্ববোধ এবং ইতিবাচক সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
মতামত