ফরিদপুরের সাউদার্ন জেনারেল হাসপাতালে নার্সদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ প্রসূতিকে ট্রলিতে না নিয়ে হেঁটে অপারেশন থিয়েটারে (ওটি) যেতে বাধ্য করার অভিযোগ তুলেছেন স্বজনরা। এ ঘটনায় নবজাতকের বাবা ফরিদপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন। সোমবার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুসকুনি গ্রামের বাসিন্দা ৯ মাসের অন্তঃসত্ত্বা কাকলি আক্তারকে (৩০) সিজারের জন্য ওই হাসপাতালের সপ্তম তলায় ভর্তি করা হয়। জরায়ুর পানি ভেঙে যাওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল বলে দাবি স্বজনদের।
স্বজনদের অভিযোগ, দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক ওটিতে প্রবেশের পর অসুস্থ কাকলিকে ট্রলিতে নেওয়ার অনুরোধ জানালে দুই নার্স তা উপেক্ষা করে তাঁকে হেঁটে যাওয়ার কথা বলেন। পরে ওটির ভেতরে মাথা ঘুরে মেঝেতে পড়ে যান কাকলি। সিজারের মাধ্যমে সন্তান প্রসব করানো হলেও নবজাতককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত শিশুর মাথায় আঘাতের চিহ্ন ও রক্ত জমাটবাঁধা অবস্থায় দেখার দাবি করেছেন স্বজনরা।
কাকলির ভাই সোহেল শেখ বলেন, ‘বোন হাঁটতে পারবে না বলে বারবার ট্রলিতে নেওয়ার অনুরোধ করলেও নার্সরা শোনেননি; বরং খারাপ ব্যবহার করেছেন।’ কাকলির বোন শিউলি শেখ আক্তার বলেন, ‘ওটির ভেতরে পড়ে যাওয়ার পর বোনের পেটে প্রচণ্ড আঘাত লাগে। সিজার শেষে চিকিৎসক জানান, শিশুটি মারা গেছে। মাথায় রক্ত জমাট ও গুরুতর আঘাতের চিহ্ন ছিল।’ এ ঘটনায় কাকলির স্বামী ফরহাদ হোসেন কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন। তবরচিকিৎসক স্বপ্না বিশ্বাস জয় বলেন, ‘রোগী পড়ে যাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। লো ব্লাডপ্রেশারের কারণে মাথা ঘুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে।’ হাসপাতালের অন্যতম অংশীদার চিকিৎসক গণপতি বিশ্বাস শুভ বলেন, ‘ঘটনাটি মাত্র জেনেছি। অন্যদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’
মতামত