আগামী বছরের ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন। সমাবর্তন ঘিরে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে ঢাকার জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ, কুষ্টিয়ার শিল্পকলা একাডেমি ও লালন একাডেমি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উপজাতি (ট্রাইবাল) সদস্যদের পরিবেশনা রাখার পরিকল্পনা রয়েছে। তবে সাংস্কৃতিক আয়োজনের মোট ব্যয় এখনো চূড়ান্ত হয়নি। বুধবার (২৫ নভেম্বর) সাংস্কৃতিক উপকমিটি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনজুর রহমান বলেন, সমাবর্তনের সাংস্কৃতিক আয়োজনে কয়েকটি পরিবেশনা রাখার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে কুষ্টিয়ার শিল্পকলা একাডেমি ও লালন একাডেমি অংশ নেবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উপজাতি (ট্রাইবাল) সদস্যদের নিয়ে একটি পরিবেশনা থাকবে। এ ছাড়া ঢাকার ব্যান্ড দল ওয়ারফেজ পরিবেশনা করবে।
সাংস্কৃতিক আয়োজনের মোট ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, ব্যয়ের বিষয়টি বলা নিষেধ, পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। বিষয়টি বর্তমানে বিবেচনাধীন রয়েছে। এখনো ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়নি। হিসাব চূড়ান্ত করার আগে কিছুটা পরিবর্তন হতে পারে। শনিবার অথবা রোববার এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হতে পারে।
এর আগে গত ১২ অক্টোবর বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট সাংস্কৃতিক উপকমিটি গঠন করা হয়। সমাবর্তন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে কমিটিকে দ্রুত সাংস্কৃতিক কার্যক্রম সম্পন্নের প্রস্তুতি নিতে এবং এ-সংক্রান্ত বাজেট তৈরি করে অর্থ কমিটির আহ্বায়কের কাছে জমা দিতে বলা হয়।
এর আগে গত ৮ নভেম্বর সমাবর্তনের নিবন্ধনের জন্য অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল উদ্বোধন করা হয়। এতে মাস্টার্স পর্যায়ে ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত এবং স্নাতক (সম্মান) পর্যায়ে ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ দেওয়া হয়। পরে ১০ নভেম্বর পোর্টালটি উন্মুক্ত করে আগ্রহী শিক্ষার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধনের আহ্বান জানানো হয়।
এদিকে, প্রশাসনের নির্ধারিত সময় অনুযায়ী আজই শেষ হচ্ছে সমাবর্তনের নিবন্ধনের আবেদন। তবে এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন, আবেদনের সময় বাড়ানো হবে কি না কিংবা নিবন্ধন ফি কমানোর কোনো সিদ্ধান্ত রয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
মতামত