সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনৈতিক অঙ্গনে ফিরে আসার বিষয়ে ধৈর্য ধরতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তাই শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। কারণ, দীর্ঘ দেড় যুগ ধরে ফ্যাসিবাদ মানুষের ওপর তাণ্ডব চালিয়ে তাদের জানমালের নিরাপত্তা কেড়ে নিয়েছিল।
প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দেশের বৃহত্তর স্বার্থ ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই প্রধানমন্ত্রী এ উদ্যোগ নিয়েছেন। বিরোধী দল বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে।
সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি। দেশের বৃহত্তর স্বার্থে প্রয়োজনে সব পক্ষকে একসঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
মতামত