বগুড়ার নন্দীগ্রামে রাজনৈতিক নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিমলা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে আইয়ুব আলী (৫০), ভাটগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি চাকলমা গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে আশরাফুল ইসলাম (৫৫), বগুড়া জেলা আওয়ামী লীগের কাউন্সিলর বৃকঞ্চি গ্রামের হাবিবুর রহমানের ছেলে আব্দুল আলীম (৪২), পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নামুইট চুকাইপাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে আব্দুল আজিজ (৪৫) ও সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক বিজয়ঘট গ্রামের আবুল হোসেনের ছেলে ইউনুস আলী (৪৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামিদের ধরতে বুধবার ২৫(নভেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালানো হয়। এর মধ্যে রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়ঘট গ্রামে নিজ বাড়ি থেকে মৎস্যজীবী লীগ নেতা ইউনুস আলীকে আটক করা হয় এবং পৃথক অভিযানে বাকি চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, রাজনৈতিক নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ওই পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাঁদের বগুড়া আদালতে সোপর্দ করা হয়েছে।
মতামত