বগুড়ার শাজাহানপুরে বীজ আইন লঙ্ঘন করে ধানের বীজ বাজারজাত করার দায়ে মো. বজলুর রহমান নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার বনানী এলাকার গন্ডগ্রামে এ অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তালুকদার মো. ইনতেযার।
অভিযানকালে উচ্চফলনশীল জিরাশাইল ধানের বীজ ‘কোয়ালিটি সিড’ নামে প্যাকেটজাত করে বাজারজাত করার ক্ষেত্রে নামসর্বস্ব ঠিকানা ব্যবহার এবং বীজ বিক্রির নির্ধারিত শর্ত লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বীজ আইন, ২০১৮-এর ২৪ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবসায়ী বজলুর রহমানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করায় তাকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হয়নি।
বীজের মোড়ক অপসারণ
অভিযানকালে সংশ্লিষ্ট বীজের প্যাকেটের মোড়ক অপসারণ করে বীজগুলো মোড়কমুক্ত করা হয়। ফলে প্রয়োজনীয় পরিচিতি ও গুণগত মানসংক্রান্ত তথ্য ছাড়া সেগুলো ওই ব্র্যান্ডের নামে বাজারজাত করার সুযোগ বন্ধ করা হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি, বগুড়ার জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. আদনান বাবু।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তালুকদার মো. ইনতেযার জানান, মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত করা, কৃষকদের প্রতারণা থেকে রক্ষা করা এবং বীজের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত