মানুষের ধৈর্যের বাঁধ ভাঙায় চব্বিশের আন্দোলনে স্বৈরাচারদের দেশ ছেড়ে পালাতে হয়েছে বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, জনগণের প্রতিপক্ষ হয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জনসভার নির্ধারিত মাঠ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। সেই উন্নয়ন বাধাগ্রস্ত করতে উস্কানি দেওয়া হচ্ছে। জনগণকে আবারও রাতের ভোট ফিরে নিয়ে যাওয়ার উস্কানি দেওয়া হচ্ছে। এ দেশের মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করে। পরে যখন দেখে অসহনীয়, তখন তারা সব চুরমার করে দেন।
তিনি বলেন, নব্বই ও চব্বিশের আন্দোলনে আমরা তার প্রমাণ পেয়েছি। দেশের বাইরে থেকে হুমকি দিয়ে লাভ হবে না। দেশের আসার ইচ্ছা থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে হবে। দেশে আইন আদালত মোকাবিলা করতে হবে। এ দেশের মানুষ কারো হুমকিতে ভয় পায় না।
এসময় ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংরক্ষিত মহিলা আসনের এমপি মমতাজ আলো, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, রংপুর বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মাইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক গোবিন্দ কুমার দাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতামত