বরগুনা পৌর শহরে আজ শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে এ ঘটনার খবর পেয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে মিছিলটি প্রতিহত করেন এবং তাদের ধাওয়ায় আওয়ামী লীগের কর্মীরা পালিয়ে যান বলে জানা গেছে।
ভিডিও ফুটেজ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সন্ধ্যার পর বরগুনা জেলা স্কুলের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি শেখ রাসেল চত্বর, ফার্মেসি পট্টি এবং জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে হয়ে নাথ পট্টি লেকের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে জ্বলন্ত মশাল দেখা যায় এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিল চলাকালে ঘটনাস্থলে পুলিশের একটি পিকআপ পৌঁছালে মিছিলকারীরা সেটিকে লক্ষ্য করে স্লোগান দেন। পরবর্তীতে পুলিশের গাড়িটি সেখান থেকে সরে যায়; তবে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের গাড়িতে কোনো আঘাত করা হয়নি।
এদিকে মশাল মিছিলের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সন্ধ্যার কোনো এক সময় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের ধাওয়ার মুখে মিছিলে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।
ঘটনাটিকে কেন্দ্র করে শহরে উত্তেজনা ও আলোচনা তৈরি হয় এবং সংশ্লিষ্ট ভিডিও ক্লিপগুলো অনলাইনে ছড়িয়ে পড়ে।
মতামত