নদী পুনঃখননের মাটি ফেলে খুলনার ডুমুরিয়া উপজেলার তিনটি আশ্রয়ণ প্রকল্পের অসংখ্য ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও ঘরের গা ঘেঁষে মাটির পাহাড় তৈরি করা হয়েছে, আবার কোথাও অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে নদীগর্ভে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে বসতঘর। এতে ভেঙে যাচ্ছে ভূমিহীন ও গৃহহীন মানুষের নতুন জীবনের স্বপ্ন।
উপজেলার চুকনগর, কাঠালতলা ও খর্নিয়া এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন ভদ্রা নদী খননের কাজ শুরু হওয়ার পর থেকেই দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। নদী থেকে উত্তোলিত পলিমাটি যত্রতত্র ফেলার ফলে অনেক ঘরের পেছনের দেয়াল ও জানালা ভেঙে কাদা ঢুকে পড়েছে ঘরের ভেতরে। মাটির প্রচণ্ড চাপে দেয়াল ও মেঝেতে ফাটল দেখা দিয়েছে। বাসিন্দাদের আশঙ্কা, যেকোনো সময় পুরো ঘর ধসে পড়তে পারে।
নদী খননে ক্ষতিগ্রস্ত আশ্রায়ণ প্রকল্পের ঘরবাড়ি
ভুক্তভোগীরা জানান, প্রচণ্ড গরমের মধ্যে ঘরে থাকা কঠিন হয়ে পড়েছে। রান্নার জায়গা নেই, শিশুদের নিয়ে নিরাপদে ঘুমানোরও সুযোগ নেই। অনেক পরিবার ঘরের খাট, হাঁড়ি-পাতিল ও সামান্য আসবাবপত্র বাইরে বের করে খোলা আকাশের নিচে রেখেছে। তারা অপেক্ষা করছেন কখন শেষ সম্বলটুকুও ধসে পড়ে।
খর্নিয়া এলাকার দিনমজুর আব্দুল জলিল বলেন, "নদী কাটার সময় মেশিন দিয়ে ঘরের একদম গোড়া পর্যন্ত গর্ত করা হয়েছে। একটু বৃষ্টি হলেই ঘরগুলো নদীতে ধসে পড়বে। আমরা গরিব মানুষ, আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই। বাথরুম সব ভেঙে দেওয়া হয়েছে। তিনটি পানি খাওয়ার কল ছিল, নষ্ট হয়ে গেছে দুটি। এখন ২৬ পরিবারের একমাত্র ভরসা একটি টিউবওয়েল।" আরেক গৃহবধূ রওশন আরা বেগম বলেন, "জোয়ার আসলে ঘর বিলীন হয়ে যাবে সেই আশঙ্কা রয়েছে। আমরা চাই এখানে ভালোভাবে যেন বসবাস করতে পারি।"
নদী খননে ধসে পড়তে পারে আশ্রায়ণ প্রকল্পের ঘর
বাসিন্দাদের অভিযোগ, নদী খননের সময় কাঠালতলা আশ্রয়ণ প্রকল্পের তিনটি টিউবওয়েলের মধ্যে দুটি নষ্ট হয়ে গেছে। অধিকাংশ পরিবারের ব্যবহৃত টয়লেটও ভেঙে দেওয়া হয়েছে। ফলে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সংকট দেখা দিয়েছে।
খর্নিয়া ও কাঠালতলা এলাকার একাধিক পরিবারের সদস্যরা জানান, ঘর ধসে পড়ার আশঙ্কায় তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকেই খোলা জায়গায় মূল্যবান সামগ্রী সরিয়ে রেখেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ২০২১ সালের ২৩ জানুয়ারি, ২০ জুন এবং ২০২২ সালে তিন ধাপে ডুমুরিয়ার চুকনগর, খর্নিয়া ও কাঠালতলা এলাকায় শতাধিক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়।
নদী খননে ক্ষতিগ্রস্ত আশ্রায়ণ প্রকল্পের ঘর
খাস জমিতে নির্মিত দুই কক্ষবিশিষ্ট সেমি-পাকা ঘরসহ জমির দলিল হস্তান্তরের সময় এসব মানুষের চোখে ছিল আনন্দের অশ্রু। যারা একসময় রেললাইনের ধারে কিংবা অন্যের বারান্দায় রাত কাটাতেন, তারা পেয়েছিলেন একটি স্থায়ী ঠিকানা। কিন্তু নদী খনন প্রকল্পের কারণে সেই ঠিকানাই এখন অনিশ্চয়তার মুখে।
যশোর ও খুলনার ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার হরিহর, হরি-তেলিগাতি, আপার ভদ্রা, টেকা ও শ্রী নদীসহ মোট পাঁচটি নদীর ৮১.৫ কিঃ মিঃ পুনঃখনন প্রকল্প গ্রহণ করে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে এ প্রকল্পের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আওতায় হরিহর নদী ৩৫ কিলোমিটার, হরি-তেলিগাতি নদী ২০ কিলোমিটার, আপার ভদ্রা নদী ১৮.৫ কিলোমিটার, টেকা নদী ৭ কিলোমিটার এবং শ্রী নদী ১ কিলোমিটার পুনঃখনন করা হবে।
এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩ হাজার ৯৯৮.১৯ লাখ টাকা। সরকারের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী ‘অর্পিত ক্রয়কার্য’ পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়ন করছে। নদী খননের পাশাপাশি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, ড্রেজড মাটি সংরক্ষণ, স্থানীয় জনগণের চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ, টার্ফিং এবং বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে।
নদী খননে ক্ষতিগ্রস্ত আশ্রায়ণ প্রকল্পের ঘর
এদিকে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার, চলতি বছরের জানুয়ারিতে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারসংলগ্ন এলাকায় নদী খননের কারণে প্রায় ৮০ পরিবারের শেষ আশ্রয়স্থল ভেঙে ফেলা হয়। একইভাবে কাঠালতলার ২৬টি পরিবার এবং খর্নিয়া এলাকার আরও ২৫টি পরিবার সরাসরি ক্ষতির মুখে পড়েছে।
এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার বলেন, "ডুমুরিয়ার বরাতিয়ার কাঠালতলা ও খর্নিয়ার গৃহহীন পরিবারের ঘরগুলোতে নদী খননের মাটি উঠে গেছে এটি সত্য। প্রকল্পটি যশোর পানি উন্নয়ন বোর্ড এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। আমি ইতোমধ্যে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি অবগত এবং খুব দ্রুত ভূমিহীন এসব পরিবারের জন্য ব্যবস্থা নেবেন।"
তিনি আরও বলেন, "চুকনগরের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে পাশের হাটের জায়গায় অবস্থান করছে। কিছুদিন আগে কয়েকটি পরিবারকে অন্য আশ্রয়ণ প্রকল্পে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তারা সেখানে যেতে রাজি হয়নি। বিষয়টি জেলা প্রশাসককে লিখিতভাবে জানানো হয়েছে।"
সরকারি উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই পাওয়া শতাধিক গৃহহীন পরিবার এখন নতুন করে বাস্তুচ্যুত হওয়ার শঙ্কায় দিন কাটাচ্ছে। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত আশ্রয়ণবাসীদের নিরাপত্তা ও পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মতামত