চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরায় অবস্থিত ঐতিহ্যবাহী আদি রাসস্থলী শ্রীশ্রী রাসবিহারী ধামে পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য রাসমহোৎসব পরিদর্শন করেছেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে সংগঠনের নেতৃবৃন্দ উৎসবস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন আয়োজন ঘুরে দেখেন। এ সময় তাঁরা উৎসবের সার্বিক পরিবেশ ও ধর্মীয়-সাংস্কৃতিক কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং আয়োজক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ঢোলবাদক ও লোকশিল্পী বাবুল জলদাস; সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস; সাংস্কৃতিক সম্পাদক ও সংগীতশিল্পী বিধান দাস এবং সংগঠনের সদস্য দীপা দাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীশ্রী রাসবিহারী ধাম পরিচালনা পরিষদের সভাপতি তপন চৌধুরী বাবু, রাস উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক দীপেন চক্রবর্তী, বর্তমান রাস উৎসবের সহ-সভাপতি অরিন্দম চৌধুরী, পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ডালিম চৌধুরী, রাস উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সজল চৌধুরী ও শেখর চৌধুরী এবং উদযাপন পরিষদের সহ-সাধারণ সম্পাদক টুন্টু শর্মাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, শ্রীশ্রী রাসবিহারী ধামের শ্রীবিগ্রহের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ঐতিহ্যবাহী রাসমহোৎসবের ৭১তম বর্ষপূর্তি উপলক্ষে এবারের আয়োজন করা হয়েছে। ২১ থেকে ২৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ উৎসবে রয়েছে ষোড়শ প্রহরব্যাপী মহানামসংকীর্তন, কৃষ্ণলীলা প্রদর্শনী, ঐতিহ্যবাহী রাসমেলা ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠান।
দীর্ঘদিন ধরে শাকপুরার শ্রীশ্রী রাসবিহারী ধাম ধর্মীয় ঐতিহ্য, আধ্যাত্মিক চেতনা ও লোকসংস্কৃতির এক গুরুত্বপূর্ণ মিলনকেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিবছর রাসমহোৎসবকে ঘিরে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত-অনুরাগী ও দর্শনার্থীদের সমাগম ঘটে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মেলা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এ উৎসব স্থানীয় ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।
মতামত