মাজারের দানের ডেগে মিলল ডিসি সরওয়ার আলমকে লেখা বেনামি চিঠি, ৩ দিনে উঠল ১৭ লাখ টাকার বেশি
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানের ডেগ (দানবাক্স) খুলে বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি জেলা প্রশাসক (সদ্য প্রত্যাহারকৃত) মো. সরওয়ার আলমকে উদ্দেশ্য করে লেখা একটি বেনামি চিঠি উদ্ধার হয়েছে। চিঠিতে মাজারের দানের অর্থ আত্মসাতের অভিযোগ তুলে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
চিঠির লেখক নিজেকে ডিসি সরওয়ার আলমের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচয় দিয়েছেন। সেখানে মাজার পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির বিরুদ্ধে দানের অর্থ তসরুপসহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সোমবার (২২ জুন) দুপুরে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মাজারের সিলগালা করা তিনটি দানের ডেগ খোলা হয়। প্রকাশ্যেই শুরু হয় টাকা গণনার কাজ, যা বিকেল পর্যন্ত চলে।
মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি ডেগ থেকে মোট ১৭ লাখ ৬৪ হাজার ৫৬৯ টাকা, সাত আনা স্বর্ণ, কিছু রূপা এবং বিদেশি মুদ্রা (রিয়াল) পাওয়া গেছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথমবারের মতো প্রকাশ্যে দানের অর্থ গণনার এই উদ্যোগ ঘিরে মাজার প্রাঙ্গণে উৎসুক জনতার ভিড় দেখা যায়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মাদরাসার শিক্ষার্থীরা অর্থ গণনার কাজ সম্পন্ন করেন।
বহু বছর ধরে হজরত শাহজালাল (রহ.) মাজারে বিপুল পরিমাণ দান আসলেও প্রকাশ্যে অর্থ গণনার নজির ছিল না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এ উদ্যোগকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।
মতামত