দেশের হাওর অঞ্চলের সামগ্রিক উন্নয়ন এবং অবহেলিত কোটি মানুষের অধিকার আদায়ে জাতীয় সংসদে এক অনন্য ও বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। ২০২৬ সালের জুন মাসে চলমান বাজেট অধিবেশনে অংশ নিয়ে তিনি হাওরবাসীর চিরস্থায়ী কষ্ট লাঘবে এবং টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে উড়াল সেতু নির্মাণসহ আলাদা একটি "হাওর অঞ্চল মন্ত্রণালয়" প্রতিষ্ঠার জোরালো দাবি জানান। সংসদে দেওয়া তার এই অত্যন্ত যুক্তিযুক্ত ও দূরদর্শী বক্তব্য ইতিমধ্যে স্থানীয় হাওড়বাসীর মনে ব্যাপক আশার আলো সঞ্চার করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও সর্বস্তরের মানুষের প্রশংসায় ভাসছে।
বাজেট বক্তৃতায় অ্যাডভোকেট ফজলুর রহমান হাওর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার বর্তমান ও দীর্ঘমেয়াদি সংকটগুলো অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেন। তিনি বলেন, হাওর এলাকায় অতীতে নির্মিত অপরিকল্পিত সাবমার্সিবল বা ডুবন্ত সড়কের কারণে বর্ষাকালে স্বাভাবিক পানি চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হচ্ছে, যা স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের অপূরণীয় ক্ষতি করছে। এই স্থায়ী সমস্যা সমাধানে এবং বর্ষা ও খরা—উভয় মৌসুমে নিরবচ্ছিন্ন ও পরিবেশবান্ধব যোগাযোগের জন্য তিনি হাওরের বুক চিরে উড়াল সেতু বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবি জানান। তিনি উল্লেখ করেন, উড়াল সেতু নির্মিত হলে পানিপ্রবাহ যেমন বাধাগ্রস্ত হবে না, তেমনি বারো মাসই মানুষ অনায়াসে চলাচল করতে পারবে এবং কপাল খুলবে স্থানীয় অর্থনীতির।
হাওরের বিশাল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আগাম বন্যা থেকে ফসল রক্ষা এবং স্থায়ী অবকাঠামো নির্মাণের জন্য ফজলুর রহমান সংসদে একটি সুনির্দিষ্ট এবং আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি তুলে ধরে এক ঐতিহাসিক যুক্তি পেশ করেন। তিনি স্পিকারের উদ্দেশে বলেন, দেশের পাহাড়ি অঞ্চলের সুষম উন্নয়নের জন্য যদি 'পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়' থাকতে পারে, তবে দেশের এক বিশাল অংশ জুড়ে থাকা এবং বৈষম্যের শিকার হাওর অঞ্চলের কোটি মানুষের ভাগ্যন্নয়নের জন্য কেন আলাদা 'হাওর মন্ত্রণালয়' থাকবে না? একটি স্বাধীন ও স্বতন্ত্র মন্ত্রণালয় থাকলে হাওরের বাঁধ নির্মাণ, মৎস্য খাতের আধুনিকায়ন এবং পর্যটনের মতো সম্ভাবনাময় খাতগুলো আমলাতান্ত্রিক জটিলতামুক্ত হয়ে দ্রুত আলোর মুখ দেখবে বলে তিনি মনে করেন।
সংসদে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যের এমন সাহসী ও গণমুখী কণ্ঠস্বর শোনার পর হাওর অঞ্চলের সাধারণ মানুষ, গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। স্থানীয়দের মতে, প্রকৃত জনপ্রতিনিধি হিসেবে ফজলুর রহমান হাওরবাসীর মনের সুপ্ত আকুতিটিই সংসদে প্রতিধ্বনিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বক্তব্যের ভিডিও ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, যেখানে নেটিজেনরা এই যুগান্তকারী দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের শীর্ষ মহলের দৃষ্টি আকর্ষণ করছেন।
মতামত