ক্যান্সার কোষের সবচেয়ে বড় দুর্বলতা হলো—এরা ভীষণ রাক্ষুসে। বেঁচে থাকার জন্য মিষ্টি বা শর্করার (গ্লুকোজ) প্রতি এদের লোভ সীমাহীন। চিকিৎসাবিজ্ঞানে ক্যানসার শনাক্ত করার চিরচেনা ‘পিইটি স্ক্যান’ পদ্ধতিটি মূলত এই দুর্বলতার ওপর ভিত্তি করেই তৈরি। রোগ নির্ণয়ের সময় শরীরে যে তেজস্ক্রিয় শর্বরা দেওয়া হয়, তা সাধারণ কোষের তুলনায় ক্যানসার কোষ এত দ্রুত শুষে নেয় যে স্ক্যানারের পর্দায় টিউমারের অবস্থানটি জ্বলজ্বল করে ওঠে। তবে এই অতি-খাদ্যপ্রিয়তার কারণেই টিউমারের ভেতরের অংশে প্রতিনিয়ত তীব্র খাদ্য সংকট বা ‘গ্লুকোজ স্টারভেশন’ তৈরি হয়। বিশেষ করে মস্তিষ্কের তরল অংশে চিনির পরিমাণ এমনিতেই খুব সীমিত। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, যেখানে সাধারণ কোষেরই না খেয়ে মারা যাওয়ার কথা, সেখানে এই চরম খিদের মুখেও মস্তিষ্কের ক্যানসার কোষগুলো কীভাবে টিকে থাকে এবং বংশবৃদ্ধি করে?
এই রহস্যের জট খুলেছেন ইসরায়েলের বেন-গুরিওন বিশ্ববিদ্যালয় ও জার্মানির ডুসেলডর্ফ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। বিশ্বখ্যাত বৈজ্ঞানিক জার্নাল 'নেচার কমিউনিকেশনস' (Nature Communications)-এ প্রকাশিত তাদের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ক্যানসার কোষগুলো টিকে থাকার জন্য কোটি বছরের বিবর্তনীয় একটি বিশেষ সুরক্ষাকবচ ব্যবহার করে। মানবদেহে বিদ্যমান ‘৪ইবিপি১’ (4EBP1) নামের একটি প্রোটিন মূলত কোষের খিদের সময়ে ‘আণবিক ব্রেক’ হিসেবে কাজ করে। শরীর যখন তীব্র পুষ্টি সংকটে পড়ে, তখন এই প্রোটিনটি কোষের বাড়তি শক্তি ও চর্বি তৈরির কল বন্ধ করে দেয়, যেন জমানো পুষ্টি ফুরিয়ে না যায়। মস্তিষ্কের ক্যানসার কোষগুলো এই সুরক্ষাকবচটিকে নিজেদের স্বার্থে কয়েক গুণ বেশি শক্তিশালী করে তোলে। ফলে চারপাশে চিনির চরম সংকট থাকলেও, তারা নিজেদের ভেতরের শক্তি খরচ একদম কমিয়ে দিয়ে বছরের পর বছর টিকে থাকে।
বিজ্ঞানীরা ভাবলেন, কেমন হতো যদি ক্যানসার কোষের এই সুরক্ষার ব্রেকটিকেই চিরতরে অকেজো করে দেওয়া যায়? ল্যাবরেটরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ঠিক এই কাজটাই করেছেন গবেষকরা। তারা ক্যানসার কোষের ওই বিশেষ সুরক্ষার জিনটিকে নিষ্ক্রিয় বা ‘সাইলেন্ট’ করে দেন। এরপর যা ঘটল, তা চিকিৎসাবিজ্ঞানীদের রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে।
দেখা গেল, তীব্র খিদের মধ্যেও ব্রেক ফেল হওয়া গাড়ির মতো ক্যানসার কোষগুলো পাগলের মতো অনবরত চর্বি ও শক্তি খরচ করতে শুরু করেছে। একদিকে মস্তিষ্কে চিনির জোগান নেই, অন্যদিকে ভেতরের শক্তি খরচের কল বন্ধ হচ্ছে না—এই দ্বিমুখী সংকটে পড়ে ক্যানসার কোষগুলোর ভেতরের ভারসাম্য সম্পূর্ণ ভেঙে পড়ে এবং সেগুলো ভেতর থেকেই চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ইঁদুরের ওপর পরীক্ষা করে দেখা গেছে, এই কৌশলে মস্তিষ্কের মারাত্মক টিউমারগুলো নিজের খিদের আঘাতেই নিজে ধ্বংস হয়ে যাচ্ছে।
ইসরায়েল ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের অর্থায়নে চলা এই আবিষ্কারটি ক্যানসার চিকিৎসায় এক বৈপ্লবিক মোড় এনে দিয়েছে। প্রচলিত কেমোথেরাপি বা রেডিয়েশন দিলে ক্যানসারের পাশাপাশি শরীরের সুস্থ কোষগুলোও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু বিজ্ঞানীদের আবিষ্কৃত এই নতুন মলিকিউল বা ওষুধটি শুধু খিদের মুখে থাকা ক্যানসার কোষের ব্রেকটাই ভাঙবে। শরীরের সুস্থ কোষগুলো যেহেতু রক্ত থেকে পর্যাপ্ত খাবার পায়, তাই তাদের এই ওষুধ কোনো ক্ষতিই করতে পারবে না। কোনো বিষাক্ত কেমিক্যাল ছাড়াই, ক্যানসার কোষকে স্রেফ নিজের শক্তিতে নিজেকে ধ্বংস করতে বাধ্য করার এই পদ্ধতি পার্সোনালাইজড মেডিসিনের ক্ষেত্রে এক বিশাল মাইলফলক।
মতামত