মানসিক অসুস্থতাজনিত জনিত প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের পরিচর্যাকারীদের (কেয়ারার) অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ‘কেয়ারার্স অ্যান্ড কমিউনিটি মেন্টাল হেলথ প্রজেক্ট’-এর কার্যক্রম তুলে ধরতে দিনাজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সেন্টার ফর ডিসঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) বাস্তবায়িত এবং কেয়ারার্স ওয়ার্ল্ড ওয়াইড ও ভিতোল ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে মানসিক স্বাস্থ্যসমস্যাজনিত প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের কেয়ারারদের জন্য সমন্বিত শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং, সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্যসমস্যাজনিত প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচর্যায় নিয়োজিত কেয়ারাররা দীর্ঘদিন ধরে সামাজিক, মানসিক, শারীরিক ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। অথচ সমাজে তাদের গুরুত্বপূর্ণ অবদান যথাযথভাবে স্বীকৃতি পায় না। তাই কেয়ারারদের অধিকার, মর্যাদা ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সংবাদ সম্মেলনে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবা প্রদান, হোম ভিজিট ও কেয়ারার গ্রুপ মিটিংয়ের মাধ্যমে কাউন্সেলিং ও সাইকোসোশ্যাল সাপোর্ট, কেয়ারারদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, পরিবার ও সমাজে মানসিক স্বাস্থ্য বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে সচেতনতামূলক কার্যক্রম এবং স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দিনাজপুর কেয়ারার্স অ্যাসোসিয়েশন (ডিসিএ) গঠন করা হয়েছে। এই সংগঠনের মাধ্যমে কেয়ারারদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।
বক্তারা আশা প্রকাশ করেন, গণমাধ্যম ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং কেয়ারারদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত