চিকিৎসা নিতে এসে টাকার অভাবে যেন কোনো দরিদ্র ও অসহায় রোগী প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন শেরপুর’। দুস্থ রোগীদের জরুরি চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের খরচে সহায়তা দিতে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে স্থায়ী ‘মানবতার সেবায় দানবাক্স’।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে দানবাক্সটির উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সংগৃহীত অর্থ অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তায় ব্যয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
দানবাক্সটির উদ্বোধন ঘোষণা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু। তিনি বলেন, অর্থের অভাবে অসহায় রোগীরা যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে তরুণদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মানবিক এ উদ্যোগ অসহায় মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, জাতীয় রাজস্ব বোর্ডের (ঢাকা) ইনকাম ট্যাক্স কনসালট্যান্ট ও বগুড়া ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য মো. জাহিদুল ইসলাম রাশেদ। সমাজের বিত্তবানদের এই উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, একজন মানুষের সামান্য সহযোগিতাও অন্য একজন অসহায় মানুষের জন্য বড় সহায়তা হয়ে উঠতে পারে। তাই সমাজের সর্বস্তরের মানুষকে সামর্থ্য অনুযায়ী এই মানবিক উদ্যোগে পাশে দাঁড়ানো উচিত।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের দুর্ভোগের চিত্র তুলে ধরে ‘ক্লিন শেরপুর’-এর প্রতিষ্ঠাতা তরুণ মো. ফয়সাল আহমেদ জোভান বলেন, হাসপাতালে এসে অনেক দরিদ্র রোগী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো কিংবা জরুরি ওষুধ কেনার অর্থ জোগাড় করতে পারেন না। তাদের তাৎক্ষণিকভাবে পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তরুণরা এই উদ্যোগ নিয়েছেন। দানবাক্সে সংগৃহীত সম্পূর্ণ অর্থ স্বচ্ছতার সঙ্গে শুধু অসহায় রোগীদের চিকিৎসা সহায়তায় ব্যয় করা হবে।
তিনি আরও বলেন, ‘আপনার সামান্য দান, বাঁচাতে পারে একটি প্রাণ’ এই বার্তাকে সামনে রেখে মানুষের মাঝে মানবিক সহযোগিতার মনোভাব তৈরি করাই তাদের অন্যতম লক্ষ্য।
শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ডা. আমিরুল ইসলাম দানবাক্সটির সুষ্ঠু পরিচালনা ও অর্থ ব্যবহারে স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে তরুণদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে উদ্যোগটির সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় ‘ক্লিন শেরপুর’-এর সদস্যবৃন্দ, স্থানীয় সুধীজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মানবিক এই উদ্যোগের মাধ্যমে চিকিৎসা নিতে আসা দরিদ্র রোগীদের জন্য হাসপাতাল প্রাঙ্গণেই জরুরি সহায়তার একটি নতুন সুযোগ তৈরি হলো।
মতামত