কেউ কেউ চলে গিয়েও মানুষের হৃদয় থেকে হারিয়ে যান না। সময়ের ব্যবধানে তাঁদের শারীরিক অনুপস্থিতি দীর্ঘ হলেও কর্ম, ত্যাগ, ভালোবাসা ও স্মৃতির মধ্য দিয়ে তাঁরা বেঁচে থাকেন মানুষের মাঝে। পটুয়াখালীর গলাচিপা-দশমিনা অঞ্চলের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা শহীদ আলহাজ্ব মো. শাহজাহান খান তেমনই এক নাম। তাঁর বিদায়ে একদিন শোকের ছায়া নেমে এসেছিল পুরো অঞ্চলে। আজও দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের স্মৃতিতে তিনি অমলিন।
আজ ২৮ নভেম্বর ২০২৬। শাহজাহান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০২২ সালের এই দিনে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর চার বছর পেরিয়ে গেলেও গলাচিপা-দশমিনার রাজনৈতিক অঙ্গনে তাঁর নাম ও কর্মময় জীবনের স্মৃতি আলোচিত হয়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে শাহজাহান খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন শাহজাহান খান। দীর্ঘদিন পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর রাজনৈতিক জীবনের বড় একটি অংশজুড়ে ছিল দলীয় সংগঠনকে শক্তিশালী করা এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা।
যেভাবে এসেছিল সেই মর্মান্তিক বিদায়
২০২২ সালের ৪ নভেম্বর। পরদিন ৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে যোগ দিতে আগের দিন সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেলে পটুয়াখালী থেকে বরিশালের উদ্দেশে রওনা হন শাহজাহান খান।
পটুয়াখালী-বরিশাল মহাসড়কের সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেল বহরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহান খানসহ তাঁর সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। ভাঙচুর করা হয় মোটরসাইকেলও। হামলার জন্য তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ জ যুবলীগের নেতাকর্মীদের দায়ী করেছিলেন শাহজাহান খান ও তাঁর পরিবারের সদস্যরা। তবে সে সময় পুলিশ হামলার বিষয়ে কোনো অভিযোগ পাওয়ার কথা জানায়নি। পরিবার থেকেও অভিযোগ করতে পারেনি।
হামলার পর প্রথমে পটুয়াখালীতে চিকিৎসা নেন তিনি। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে ২২ নভেম্বর ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ নভেম্বর সকালে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পটুয়াখালী, গলাচিপা ও দশমিনায় শোকের আবহ তৈরি হয়। দলীয় নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রী ও অভিভাবকতুল্য একজন নেতা।
মৃত্যুর দুই বছর পর হত্যা মামলা
শাহজাহান খানের মৃত্যুর প্রায় দুই বছর পর, প্রেক্ষাপট পরিবর্তন হলে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর রাতে পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা করেন তাঁর বড় ছেলে জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান। মামলায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরসহ ৩৬ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। ২৭ সেপ্টেম্বর বিভিন্ন সংবাদমাধ্যমে মামলার বিষয়টি প্রকাশিত হয়। মামলার এজাহারে ২০২২ সালের ৪ নভেম্বর বরিশাল বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে হামলার ঘটনাকে তাঁর মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে উল্লেখ করা হয়েছে।
স্মৃতিতে বেঁচে আছেন চার বছর পরও
শাহজাহান খানের মৃত্যুর পর স্থানীয় রাজনীতির প্রেক্ষাপটে অনেক পরিবর্তন এসেছে। নতুন নেতৃত্ব এসেছে, রাজনৈতিক সমীকরণ বদলেছে। কিন্তু তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা ও দলীয় কর্মকাণ্ডের স্মৃতি এখনো পুরোনো নেতাকর্মীদের আলোচনায় ফিরে আসে।
২০২৪ সালের ২৮ নভেম্বর তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গলাচিপায় পৌর মঞ্চ চত্বরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছিল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ওই স্মরণসভায় তিনি শাহজাহান খানকে জনমানুষের নেতা হিসেবে স্মরণ করেন।
২০২৫ সালের ৩০ নভেম্বরও গলাচিপায় তাঁর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তাঁর সহধর্মিণী আনোয়ারা শাহজাহান ও ছেলে শিপলু খানসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
আজ ২৮ নভেম্বর তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তাঁকে স্মরণ করে দোয়া, মিলাদ ও স্মরণানুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানাবেন দলীয় নেতাকর্মীরা। শুক্রবার বাদ জুমা বিভিন্ন মসজিদে দোয়া মিলাদ করা হয়েছে। সাংগঠনিক ভাবে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় স্বরণ সভা আয়োজন করা হয়েছে।
রাজনীতিতে মত ও পথের ভিন্নতা থাকতেই পারে। তবে দীর্ঘদিন একটি অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকা একজন সাবেক সংসদ সদস্যের জীবন, কর্ম ও অবদান স্থানীয় ইতিহাসেরই অংশ। শাহজাহান খানের জীবন ও রাজনৈতিক পথচলা গলাচিপা-দশমিনার মানুষের স্মৃতিতে সেই ইতিহাসের একটি অধ্যায় হয়ে থাকবে।
তিনি নেই, কিন্তু তাঁর নাম, কর্ম ও স্মৃতিচারণ এখনো ফিরে আসে মানুষের আলোচনায়। চার বছর পরও তাই প্রশ্নটি থেকে যায় - যে মানুষটির বিদায়ে একদিন কেঁদেছিল গলাচিপা-দশমিনা, সময়ের ব্যবধান কি তাঁর স্মৃতিকে মুছে দিতে পেরেছে?
মতামত