আকারে ছোট হলেও আমলকী পুষ্টিগুণে ভরপুর একটি ফল। ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও খাদ্যআঁশে সমৃদ্ধ এই ফল অনেকই প্রতিদিনের খাদ্যতালিকায় রাখেন। ভারতীয় পুষ্টিবিদ নেহা সাহায়ার মতে, প্রতিদিনের খাবারের ছোট ছোট পরিবর্তনও স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলতে পারে। খাদ্যতালিকায় আমলকী যোগ করা তেমনই একটি সহজ অভ্যাস।
এখন আমলকীর মৌসুম। তাই প্রতিদিনের খাবারে এই ফলটি রাখলে শরীরে বিভিন্ন ধরনের উপকারিতা মিলবে। যেমন-
রোগ প্রতিরোধক্ষমতা ক্ষমতা বাড়ায়
আমলকীতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এটি শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধব্যবস্থাকে সক্রিয় রাখতে সাহায্য করে। বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সময় শরীরের সুরক্ষায় ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়রন শোষণে সাহায্য করে
উদ্ভিজ্জ খাবার যেমন- শাকসবজি, ডাল ও বিভিন্ন বীজজাতীয় খাবার থেকে প্রাপ্ত আয়রন শোষণে সহায়তা করে ভিটামিন সি। নিয়মিত আমলকী খেলে শরীর উপকৃত হতে পারে।
অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস
আমলকীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে সুরক্ষা দিতে সাহায্য করে।
হজমে সহায়তা করে
আমলকীতে থাকা ডায়েটরি ফাইবার হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে এবং অন্ত্রের সুস্থতায় ভূমিকা রাখতে পারে।
ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে
শরীরে কোলাজেন তৈরিতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোলাজেন ত্বকের গঠন ও সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। তাই আমলকী খেলে ত্বকের স্বাভাবিক সুস্থতা ধরে রাখতেও উপকার পাওয়া যেতে পারে।
আমলকী বিভিন্নভাবে খাওয়া যায়। কাঁচা আমলকী, চাটনি কিংবা জুস হিসেবে খেতে পারেন। আবার প্রতিদিনের খাবারের সঙ্গেও এটি যোগ করা যায়।
সূত্র: বোল্ড স্কাই
মতামত