মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের মোকামবাজার এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে পাপন পাল (১৮) নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃত পাপন পালের পিতা প্রণব পাল। তার মূল বাড়ি কুলাউড়া উপজেলায়। তিনি রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বসবাস করছিলেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতে শমশেরনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে চারজনের একটি দলকে ঘিরে সন্দেহ তৈরি হয়। এ সময় পাপন পালকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। স্থানীয় তাদের আরও দাবি, আটককৃত যুবকের মোবাইল ফোনের একটি মেসেঞ্জার গ্রুপে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন তথ্য পাওয়া গেছে।
শমশেরনগরের স্থানীয় সমাজসেবক আহমেদুর রহমান খোকন বলেন, শমশেরনগর পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র জ্বালিয়ে দিতে চারজন লোক এসেছিল। স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে তিনজন পালিয়ে গেলেও একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃত পাপন পাল মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী, তিনি বেলাল আহমদের নির্দেশে সেখানে এসেছিল।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এর সঙ্গে আরও যারা জড়িত রয়েছে, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
মতামত