একটি বিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো, শিক্ষার পরিবেশ এবং শৃঙ্খলা যার হাত ধরে পরিচালিত হওয়ার কথা, তিনি নিজেই এখন বিদ্যালয় থেকে 'নিখোঁজ'। বলছিলাম চট্টগ্রামের বামনসুন্দর ফকির আহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল কবিরের কথা। দিনের পর দিন তার অনুপস্থিতিতে বর্তমানে একজন সহকারী শিক্ষিকা দিয়ে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে বিদ্যালয়ের প্রতিদিনের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম।
বিদ্যালয়টিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষকের কক্ষটি শূন্য পড়ে আছে। নিয়মিত প্রধান শিক্ষককে না পেয়ে ব্যাহত হচ্ছে জরুরি প্রাতিষ্ঠানিক কাজ।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক সংবাদমাধ্যমকে জানান, প্রধান শিক্ষক এখন বিদ্যালয়ের চেয়ে বাইরের ব্যক্তিগত কাজে বেশি ব্যস্ত থাকেন। তবে স্থানীয় সূত্র এবং ভুক্তভোগীদের দাবি, এই 'ব্যস্ততা' কোনো পেশাগত কাজ নয়, বরং পাওনাদারদের হাত থেকে নিজেকে বাঁচাতেই তিনি বিদ্যালয় এড়িয়ে চলছেন।
অনুসন্ধানে জানা যায়, প্রধান শিক্ষক নাজমুল কবির এলাকার সাধারণ মানুষ এবং সহকর্মীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ধার বা কর্জ হিসেবে নিয়েছেন। তিনি বিদ্যালয়ে এলেই পাওনাদাররা টাকার জন্য সেখানে ছুটে আসেন। লোকলজ্জা এবং পাওনাদারদের মুখোমুখি হওয়া এড়াতে তিনি এক প্রকার 'পালিয়ে বেড়াচ্ছেন' বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী এক শিক্ষক জানান, প্রধান শিক্ষক তার কাছ থেকে ৫ লাখ টাকা ধার নিয়েছিলেন। দীর্ঘদিন পার হয়ে গেলেও সেই টাকা পরিশোধের কোনো উদ্যোগ নেই। মাঝেমধ্যে কিছু টাকা দিলেও সিংহভাগ টাকাই এখনো আটকে আছে। কেবল সহকর্মীই নন, এলাকার বহু সহজ-সরল মানুষকে নানা প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ সাধারণ মানুষের।
'কম্পিউটার ল্যাব আছে, কিন্তু কম্পিউটার কী জিনিস দেখিনি'
প্রধান শিক্ষকের এই দীর্ঘ অনুপস্থিতি এবং বিশৃঙ্খলার সরাসরি প্রভাব পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের ওপর। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলে:
আমরা তো অনেকদিন ধরে স্যারকে স্কুলেই দেখি না। উনি ঠিকমতো আসেনই না। আমরা শুনেছি আমাদের স্কুলে একটা কম্পিউটার ল্যাব আছে, কিন্তু আজ পর্যন্ত আমরা ল্যাবটা চোখেও দেখিনি। কম্পিউটার কী জিনিস, তা কোনোদিন হাত দিয়ে ধরে দেখার সুযোগও হয়নি আমাদের।
শিক্ষার্থীদের দাবি, দ্রুত যেন বিদ্যালয়ের এই অচলাবস্থা দূর করে ডিজিটাল ল্যাবটি সচল করা হয় এবং তাদের নিয়মিত ক্লাসের ব্যবস্থা করা হয়।
ক্লাসরুমের বাইরে পাওনাদারদের চিৎকার, ব্যাহত হচ্ছে পড়াশোনা
বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেবল শিক্ষার আলো থেকেই বঞ্চিত হচ্ছে না, বরং প্রতিনিয়ত এক ট্রমাটিক বা মানসিক অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায়শই পাওনাদাররা পাওনা টাকার দাবিতে বিদ্যালয়ের মূল ফটক বা মাঠের সামনে এসে চিৎকার-চেঁচামেচি করেন। বিদ্যালয়ের ভেতরে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ায় শিক্ষার্থীরা চরম ‘নার্ভাস’ বা বিব্রত বোধ করে।
শিক্ষার্থীরা জানায়, "স্কুলের সামনে যখন পাওনাদাররা এসে স্যারের নামে চিল্লাচিল্লি করে, তখন আমাদের খুব খারাপ লাগে। ওই পরিস্থিতিতে আর পড়াশোনায় মনোযোগ দেওয়া সম্ভব হয় না।"
এলাকাবাসী এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মতে, প্রধান শিক্ষকের এই আচরণ 'পুকুরচুরি' এবং নিজের দায়বদ্ধতা থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নেওয়ার শামিল। "আমি বাঁচলে বাপের নাম" নীতিতে তিনি নিজের স্বার্থে পুরো বিদ্যালয়ের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন বলে মনে করছেন স্থানীয়রা।
বিদ্যালয় পরিচালনায় বর্তমানে যারা নতুন দায়িত্বে এসেছেন, সেই ম্যানেজিং কমিটির ভূমিকা নিয়ে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি শেষ পর্যন্ত কী আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেয়, এখন সেটাই দেখার বিষয় বলে মনে করছেন প্রাক্তন শিক্ষার্থী ও সচেতন এলাকাবাসী।
মন্তব্য বা অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
মতামত