রাত গভীর, হাসপাতালের জরুরি বিভাগে একজন রোগীর জীবন বাঁচাতে দরকার এক ব্যাগ রক্ত। স্বজনদের উৎকণ্ঠার মাঝেই ভরসার নাম হয়ে ওঠেন এক তরুণ মশিয়ার রহমান। কোনো পারিশ্রমিক বা প্রচারের আশায় নয়, কেবল একটি প্রাণ বাঁচানোর তাগিদেই তিনি ছুটে বেড়ান মানুষ থেকে মানুষের কাছে। জুরুরি রক্ত সংগ্রহ, দান থেকে শুরু করে পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপন এমন নানান কাজেকর্মে হয়ে উঠেছেন মানুষের বিপদের বন্ধু ভরষার প্রতীক।
বলছিলাম যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের ২৩ বছর বয়সী মশিয়ার রহমানের কথা, এই তরুণ বর্তমানে মণিরামপুর সরকারি ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তবে তার সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন নিবেদিতপ্রাণ সেচ্ছাসেবী।
মশিয়ারের জীবন শুরু হয়েছে কঠিন বাস্তবতার মধ্য দিয়ে। শৈশবেই হারিয়েছেন বাবাকে, বৃদ্ধ মাকে নিয়ে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছে অল্প বয়সেই। নিজে পরিশ্রম করে যেমন সংসার চালান, তেমনি তিনি নিজের পড়াশোনার খরচও জোগান। কিন্তু অভাব থামাতে পারেনি তার মানবিকতাকে ।
মশিয়ার রহমান ২০১৯ সালে স্বেচ্ছায় রক্তদান এবং রক্তদাতা সংগ্রহের কাজ শুরু করেন। এরপর থেকে চার হাজারেরও বেশি রোগীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে রক্তের ব্যবস্থা করেছেন তিনি। পাশাপাশি নিজেও ২১ বার স্বেচ্ছায় রক্তদান করে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
রক্তদানেই তার মানবিকতা সীমাবদ্ধ নয়। পথের ধারে পড়ে থাকা অসহায়, বেওয়ারিশ কিংবা মানসিক ভারসাম্যহীন মানুষের পাশেও নীরবে দাঁড়ান তিনি। মশিয়ার নিজের সামর্থ্যের মধ্যেই চেষ্টা করেন মানুষের কষ্ট লাঘব করতে।
এ বিষয়ে জানতে চাইলে মশিয়ার রহমান বলেন, “আমি এই কাজ করি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষের উপকার করতে পারলে যে মানসিক শান্তি পাই, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
তার বিষয়ে জানতে চাইলে স্থানীয় এক বাসিন্দা বলেন, “মশিয়ার রহমান অনেকদিন ধরেই গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে আছে। শুধু রক্তের ব্যবস্থা নয়, এলাকার যেকোনো বিপদে সবার আগে ছুটে আসে। এমন নিঃস্বার্থ মানুষ খুব কমই দেখা যায়। আমরা চাই, রাষ্ট্র ও সমাজ এমন মানুষদের যথাযথ মূল্যায়ন করুক।”
সার্চটুডে পরিবারের সদস্য হতে যোগাযোগ করুন।
তবে এই পথচলা মোটেও সহজ ছিল না। অনেক সময় রক্তদাতাদের যাতায়াত ব্যয়ও বহন করতে হয়েছে তাকে। কখনো অবহেলা, কখনো অপমান সবকিছু সহ্য করেও মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকে সরে আসেননি তিনি।
আজকের সমাজে যখন মানবিকতার সংকট নিয়ে নানা আলোচনা হয়, তখন মশিয়ার রহমানের মতো তরুণরা নীরবে প্রমাণ করছেন মানুষের জন্য কাজ করতে বড় পরিচয় বা অর্থবিত্তের প্রয়োজন হয় না; প্রয়োজন একটি মানবিক হৃদয় এবং সেবার মানসিকতা।
এমন মানুষের যথাযথ মূল্যায়ন ও পৃষ্ঠপোষকতা শুধু রাষ্ট্রের নয়, পুরো সমাজের দায়িত্ব। কারণ একজন মশিয়ার রহমান শুধু একজন মানুষের জীবন বাঁচান না, তিনি মানবতার প্রতি মানুষের বিশ্বাসও বাঁচিয়ে রাখেন।


মতামত