সবুজ মাঠের পাশে বসে থাকা চারটি শিশুর প্রাণখোলা হাসি। ছবিটি দেখলে প্রথমেই চোখে পড়ে তাদের সরলতা, আর মনে গেঁথে যায় সেই নির্মল আনন্দের দৃশ্য। গায়ে দামি পোশাক নেই, নেই কোনো বিলাসিতা কিংবা আধুনিক প্রযুক্তির ছোঁয়া। তবুও তাদের মুখভরা হাসি যেন বলে দেয়, সুখের জন্য সবসময় অনেক কিছুর প্রয়োজন হয় না।
আজকের পৃথিবীতে মানুষ সুখের সংজ্ঞা খুঁজতে গিয়ে প্রায়ই অর্থ, সম্পদ ও প্রাচুর্যের পেছনে ছুটছে। জীবনকে আরও আরামদায়ক করার জন্য নিরন্তর সংগ্রাম চলছে। কিন্তু কখনো কখনো গ্রামের কোনো এক কোণে, কিংবা প্রকৃতির সান্নিধ্যে বেড়ে ওঠা শিশুদের দিকে তাকালে মনে হয়, প্রকৃত সুখের সংজ্ঞা হয়তো তারা আমাদের চেয়েও ভালো জানে। শৈশব এমন একটি সময়, যখন মানুষের মনে থাকে না কোনো কৃত্রিমতা, থাকে না ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কিংবা জীবনের কঠিন বাস্তবতার চাপ। ছোট ছোট বিষয়েই তারা খুঁজে পায় আনন্দের উপলক্ষ।
বন্ধুদের সঙ্গে গল্প করা, খেলাধুলা, দুষ্টুমি কিংবা একসঙ্গে বসে হাসাহাসি,এসব সাধারণ মুহূর্তই তাদের কাছে অসাধারণ হয়ে ওঠে। ছবির শিশুদের হাসি যেন আমাদের সেই হারিয়ে যাওয়া দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। এমন এক সময়, যখন জীবন ছিল অনেক সহজ, আনন্দ ছিল অনেক বেশি স্বতঃস্ফূর্ত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ নানা দায়িত্ব ও ব্যস্ততায় জড়িয়ে পড়ে। তখন সেই প্রাণখোলা হাসিগুলো কোথায় যেন হারিয়ে যেতে থাকে।
প্রকৃতপক্ষে, একটি শিশুর নিষ্পাপ হাসির মূল্য কোনো অর্থ দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। কারণ সেই হাসির মধ্যে লুকিয়ে থাকে নির্মল আনন্দ, স্বার্থহীন ভালোবাসা এবং জীবনের প্রতি অকৃত্রিম উচ্ছ্বাস। পৃথিবীর কোটি কোটি টাকার সম্পদও অনেক সময় সেই একটুকরো সুখ কিনে দিতে পারে না। আজ যখন সমাজে নানা প্রতিযোগিতা, ব্যস্ততা ও মানসিক চাপ মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন এই ধরনের দৃশ্য আমাদের নতুন করে ভাবতে শেখায়। মনে করিয়ে দেয়, সুখ সবসময় বড় অর্জনের মধ্যে নয়; অনেক সময় তা লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তে, আন্তরিক সম্পর্কের মধ্যে এবং প্রাণখোলা একটি হাসিতে।
হয়তো এই শিশুরা বড় হয়ে যাবে, জীবন তাদেরও নানা বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে। কিন্তু তাদের আজকের এই হাসি, এই আনন্দ আর এই নিষ্পাপ মুহূর্তগুলো স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে। আর আমাদেরও মনে করিয়ে দেবে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আসলে অর্থ নয়, বরং নির্মল আনন্দে ভরা কিছু মুহূর্ত।
কলমে-
মোঃ দেলোয়ার হোসেন
(সাংবাদিক ও নবীন লেখক )
মতামত