সকাল থেকে ক্লাস, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, টিউশন আর রাতে পড়াশোনা। ব্যস্ততার এই চক্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর জীবন যেন ছুটে চলছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। কিন্তু এই ব্যস্ত জীবনে সবচেয়ে অবহেলিত বিষয়গুলোর একটি হলো স্বাস্থ্যকর ও পুষ্টিসমৃদ্ধ খাবার।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ শিক্ষার্থীর খাবারের তালিকায় নিয়মিত ভাত, ডাল, ভর্তা কিংবা কম দামের তরকারি থাকলেও প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন ও মিনারেলের ঘাটতি থেকেই যাচ্ছে। সীমিত বাজেট, আবাসিক সংকট, ক্লাসের চাপ এবং সচেতনতার অভাবকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন তারা।
সকালের নাশতা যেন 'অপশনাল'। বিশেষজ্ঞদের মতে, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হলো সকালের নাশতা। কিন্তু বাস্তবে দেখা যায়,বেশিরভাগ শিক্ষার্থীরাই দিনের শুরু করেন এক কাপ চা, বিস্কুট কিংবা বানরুটি দিয়ে। কেউ কেউ আবার ক্লাসের তাড়াহুড়োয় নাশতাই করেন না।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী শ্রাবন্তী বড়ুয়া বলেন, 'বেশিরভাগ সময় আমি সকালবেলার ক্লাসে যাওয়ার আগে নাস্তা করতে পারি না, বিশেষ করে যখন ক্লাস সকাল ৯টায় শুরু হয়। স্বাস্থ্যকর বা ঘরে তৈরি খাবার প্রস্তুত করতে সময় লাগে, আর সকালে সেই সময় বের করা আমার জন্য প্রায়ই কঠিন হয়ে পড়ে।'
তিনি আরো বলেন,'রাস্তার পাশের খাবারের দোকান কিংবা আমাদের ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায় যে খাবার পাওয়া যায়, সেগুলোর মান ও স্বাদ অনেক সময় সন্তোষজনক নয়। ফলে অধিকাংশ দিনই আমি শুধু পাউরুটি, বিস্কুট খেয়ে ক্লাসে যাই। শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর সকালের নাস্তা করা খুবই কঠিন।'
চিকিৎসকদের মতে, নিয়মিত সকালের খাবার বাদ দিলে শরীরে গ্লুকোজের ঘাটতি তৈরি হয়। এতে ক্লান্তি, মাথা ঘোরা, মনোযোগ কমে যাওয়া এবং গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদে এটি শারীরিক দুর্বলতা ও মানসিক চাপ বাড়াতে পারে।
এছাড়াও, দুপুরের খাবারে নেই পুষ্টির ভারসাম্য। ক্যাম্পাসসংলগ্ন খাবারের দোকানগুলোতে সবচেয়ে বেশি বিক্রি হয় ভাত, ডাল, আলুভর্তা, ডিম,মাছ (পাঙ্গাস ও রুই) ও ব্রয়লার মুরগি। কম খরচে পেট ভরলেও এসব খাবারে সবসময় পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত হয় না।
বাংলা বিভাগের শিক্ষার্থী নাজিফা খানম বলেন,'দুপুর ও রাতে মাছ ও মাংস খাই। যদি দুপুরে মাছ দেয় তাহলে রাতে মাংস আর রাতে মাছ দিলে দুপুরে মাংস। আর সাথে একটা ভাজি থাকে । খাদ্য তালিকার সব রকমের উপাদানও হলের খাবারে থাকে না। প্রায় একই খাবার প্রতিদিন খাওয়াই শরীরের চাহিদা ও পুষ্টির অভাব থেকেই যায়। তাছাড়া খাবারের মানও তেমন ভালো না। মাঝে মাঝে দেখা যায় মাংসগুলো একটু কাঁচা কাঁচা থেকে যায়। তবে খাবার ও খাবারের মানের তুলনায় খাবারের দাম বেশি। '
বিশেষ করে সামুদ্রিক মাছ, দুধ, ফলমূল ও সবজির দাম বাড়ায় অনেক শিক্ষার্থী সেগুলো নিয়মিত খেতে পারেন না। ফলে তাদের খাবারে কার্বোহাইড্রেট থাকলেও শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন ও ভিটামিনের ঘাটতি থেকে যায়।
পুষ্টিবিদদের মতে, একজন তরুণ শিক্ষার্থীর প্রতিদিন গড়ে পর্যাপ্ত শর্করা, ৫০–৬০ গ্রাম প্রোটিন,বিভিন্ন ভিটামিন,ক্যালসিয়াম,আয়রন এবং পর্যাপ্ত পানি প্রয়োজন হয়।কিন্তু অধিকাংশ শিক্ষার্থী নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করতে পারছেন না।
ক্যাম্পাসজীবনের অন্যতম অংশ হলো বন্ধুদের সঙ্গে আড্ডা। আর সেই আড্ডার বড় অংশজুড়ে থাকে পিয়াজু , পরোটা, চটপটি-ফুচকা কিংবা কোমল পানীয়।বিশেষ করে সন্ধ্যার পর ক্যাম্পাসের পাশের চটপটির দোকানসহ তৈলাক্ত খাবারের শিক্ষার্থীদের ভিড় চোখে পড়ে। অনেকেই সপ্তাহে কয়েকদিন এসব খাবার খাচ্ছেন।
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস'র শিক্ষার্থী তাসনোভা ইসলাম বলেন,'প্রতিদিন সন্ধ্যায় ভাজাপোড়া বা খুব তৈলাক্ত নাস্তা খেলে শরীরের তেমন কোনো উপকার হয় না। প্রথমে হয়তো পেট ভরে যায় আর খেতেও ভালো লাগে, কিন্তু ধীরে ধীরে গ্যাস, অম্বল, পেট ভার লাগা এসব সমস্যা দেখা দিতে পারে। অনেকের আবার রাতে বুকজ্বালা বা অস্বস্তিও হয়।'
তিনি শঙ্কা প্রকাশ করে বলেন,'দীর্ঘদিন এভাবে খেতে থাকলে ওজন অস্বাভাবিকভাবে বাড়া, কোলেস্টেরল বৃদ্ধি আর হৃদরোগের ঝুঁকিও বাড়তে পারে। বিশেষ করে দোকানের ভাজাপোড়া খাবার হলে, কারণ সেখানে অনেক সময় একই তেল বারবার ব্যবহার করা হয়।'
তবে চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত তেল, চিনি ও প্রক্রিয়াজাত খাবার শরীরে চর্বি বাড়ানোর পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। একই সঙ্গে কোমল পানীয় ও কম পানি পান করার কারণে অনেক শিক্ষার্থী পানিশূন্যতা ও হজম সমস্যায় ভুগছেন।
তার উপরে, হলে থাকা শিক্ষার্থীদের ভোগান্তি আরো বেশি।বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে থাকা শিক্ষার্থীদের খাদ্যাভ্যাস তুলনামূলক বেশি অনিয়মিত।অনেকে জানান, প্রতিদিন প্রায় একই ধরনের খাবার খেতে খেতে খাবারের প্রতি আগ্রহ কমে যায়। ফলে অনেকেই রাতের খাবার বাদ দিয়ে পরোটা কিংবা হালকা নাস্তা খেয়ে সময় পার করেন।
আবাসিক শিক্ষার্থী আনোয়ারুল ইসলাম বলেন , 'পেট ভরে খাওয়া যায় ঠিকই, কিন্তু খাবারে সব ধরনের পুষ্টি থাকে না। শুধুমাত্র ক্ষুধা নিবারণ ও বেঁচে থাকার জন্যাই খাওয়া,আর কিছুই না।'
এই সকল অনিয়মের কারণে শারীরিক ও মানসিক প্রভাব পড়ছে শিক্ষাজীবনে।পুষ্টিহীনতা শুধু শরীর নয়, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা নিয়মিত পুষ্টিকর খাবার না খাওয়ার কারণে অনেক শিক্ষার্থী ক্লান্তি, ঘুম ঘুম ভাব, দুর্বলতা এবং মনোযোগের ঘাটতিতে ভুগছেন। এতে পড়াশোনার পারফরম্যান্সও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্ববিদ্যালয়জীবনে সঠিক খাদ্যাভ্যাস গড়ে না উঠলে ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
স্বস্তির বিষয় হলো, বর্তমানে অনেক শিক্ষার্থী স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা করছেন। কেউ নিয়মিত জিম করছেন, কেউ প্রতিদিন ডিম ও ফল খাওয়ার অভ্যাস গড়ছেন, আবার কেউ বাইরে খাবার কমিয়ে ঘরে তৈরি খাবারে দিকে ঝুঁকছেন। কিছু শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ও স্বাস্থ্যবিষয়ক সংবাদ দেখে খাদ্যাভ্যাস পরিবর্তনের উদ্যোগও নিচ্ছেন।
শিক্ষার্থীদের মতে, কিছু উদ্যোগ নিলে পরিস্থিতির উন্নতি সম্ভব।যেমন-ক্যাম্পাসে স্বল্পমূল্যে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা,হলের খাবারের মানোন্নয়ন,পুষ্টিবিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন,নিরাপদ ও বিশুদ্ধ পানির সহজলভ্যতা,এবং শিক্ষার্থীদের খাদ্যাভ্যাস নিয়ে নিয়মিত পরামর্শ প্রদান।
বিশেষজ্ঞরা বলছেন, কম বাজেটেও পুষ্টিকর খাবার খাওয়া সম্ভব যদি খাদ্যতালিকায় নিয়মিত ডিম, ডাল, মৌসুমি ফল, সবজি ও পর্যাপ্ত পানি রাখা যায়।বিশ্ববিদ্যালয়জীবন শুধু স্বপ্ন গড়ার সময় নয়, নিজেকে গড়ে তোলারও সময়। কিন্তু অনিয়মিত ও অপুষ্টিকর খাদ্যাভ্যাস ধীরে ধীরে সেই স্বপ্নের পথকেই দুর্বল করে দিচ্ছে।
কুবিয়ানদের অনেকের পেট হয়তো ভরছে, কিন্তু শরীরের প্রয়োজনীয় পুষ্টি কি সত্যিই পূরণ হচ্ছে?এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে সীমিত বাজেট, ব্যস্ততা ও অসচেতনতার এক বাস্তব চিত্র।
তবে সচেতনতা ও সমন্বিত উদ্যোগ থাকলে বদলাতে পারে পরিস্থিতি।কারণ সুস্থ শিক্ষার্থীই পারে একটি সুস্থ ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে।
মতামত