হাসপাতালে বিনামূল্যে কিংবা নামমাত্র সরকারি ফি-তে সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার কথা। কিন্তু নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটেছে এর ব্যতিক্রম। সরকারি হাসপাতালের কেবিনকে যেন প্রাইভেট ক্লিনিকের মতো বাণিজ্যিকভাবে ‘ভাড়ায়’ খাটানোর এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
জানা গেছে, গতকাল ৩ জুলাই (শুক্রবার) মিনহাজ নামের এক শিশু রোগীকে চিকিৎসার জন্য শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেবিনে ভর্তি করা হয়। তবে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার সময় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের কাছ থেকে ৫০০ টাকা নগদ "অগ্রিম জমা" বা সিকিউরিটি মানি হিসেবে রেখে দেয়। সরকারি হাসপাতালে কেবিন বা বেড পাওয়ার ক্ষেত্রে এই ধরনের নগদ মোটা অঙ্কের টাকা জমা রাখার কোনো বৈধ নিয়ম নেই বলে সচেতন মহল মনে করছেন।
পরিস্থিতি আরও জটিল হয় যখন রোগী একরাত কেবিনে চিকিৎসাধীন থাকার পর আজ বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি নেন। হাসপাতাল থেকে ছাড়পত্র (ডিসচার্জ) নেওয়ার সময় রোগীর পরিবার ভর্তির সময় জমা রাখা সেই ৫০০ টাকা ফেরত চান। কিন্তু কর্তব্যরত স্টাফ নানা অজুহাতে সেই টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়।
ভুক্তভোগী পরিবারের তোফায়েল সদস্য আক্ষেপ করে বলেন, "আমরা জানতাম সরকারি হাসপাতালে গরিব মানুষের চিকিৎসা হয়। কিন্তু এখানে এসে দেখি প্রাইভেট হোটেলের মতো আগে টাকা জমা দিতে হয়, আর যাওয়ার সময় সেই টাকা মেরে দেওয়া হয়। তাহলে কি সরকারি হাসপাতালও এখন ভাড়ায় চলছে?
এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের মতো সংবেদনশীল জায়গায় এমন ‘ফি’ বা ‘ভাড়া’ বাণিজ্যের পেছনে হাসপাতালের কোনো সিন্ডিকেট জড়িত কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। সাধারণ মানুষের দাবি, অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে সরকারি সেবার নামে সাধারণ মানুষকে আর হয়রানির শিকার হতে না হয়।
মতামত