জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও শিশুদের হত্যাকাণ্ডকে হেয় প্রতিপন্ন ও ব্যঙ্গ করার অভিযোগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক জিনাত জোয়ার্দার রিপাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রোববার (৫ জুলাই) বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, বিইউবিটি প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আচরণবিধি ও শৃঙ্খলা বিধি, বিশেষ করে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের 'শূন্য সহনশীলতা' নীতি লঙ্ঘন এবং জুলাই বিপ্লবের চেতনাকে অবমাননার অভিযোগে তাকে ৫ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০টা ৩০ মিনিট থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তের আদেশে আরও বলা হয়, তদন্ত কার্যক্রম সম্পন্ন হওয়া, শৃঙ্খলা কমিটির সুপারিশ এবং বিইউবিটি সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। পাশাপাশি বরখাস্তকালীন সময়ে তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং অবিলম্বে সকল দাপ্তরিক নথি, চাবি ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সম্পদ রেজিস্ট্রার দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে একই অভিযোগে জিনাত জোয়ার্দার রিপার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিইউবিটির শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগরে অবস্থিত বিইউবিটির প্রধান ফটকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, জিনাত জোয়ার্দার রিপা তার সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই-আগস্টের ঘটনাবলিতে শিশুদের হত্যাকাণ্ড নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য ও পোস্ট করেছেন। তারা দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে অবমাননা করার কোনো সুযোগ নেই এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, "শহীদ সুজন মাহমুদ এবং শহীদ তাহমিদ আব্দুল্লাহ আমাদের বিইউবিটির অহঙ্কার। নিজেদের জীবন দিয়ে তারা আমাদের ক্যাম্পাস ও মিরপুরকে সম্মানিত করেছেন। অথচ এই ক্যাম্পাসেরই একজন উচ্চপদস্থ কর্মকর্তা শহীদদের রক্ত নিয়ে উপহাস করার দুঃসাহস দেখিয়েছেন। যাদের মনে শহীদদের প্রতি শ্রদ্ধা নেই, তাদের মতো মানুষের কোনো পবিত্র শিক্ষাঙ্গনে থাকার অধিকার নেই।"
তবে এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা জিনাত জোয়ার্দার রিপার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মতামত