দিনাজপুরের পার্বতীপুরে চিকিৎসা ব্যয়ের বিল পরিশোধ করতে না পারায় সদ্য সন্তান হারানো এক প্রসূতিকে সময়মতো হাসপাতাল ছাড়তে না দেওয়ার অভিযোগ উঠেছে। মানবিক এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে জটিলতার অবসান হলে ওই প্রসূতি বাড়ি ফিরতে সক্ষম হন।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার ল্যাম্ব হাসপাতালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রসূতি উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের সোনাপুকুর (মাঝাপাড়া) গ্রামের এক ভ্যানচালকের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থ ৬ দিন বয়সী নবজাতককে নিয়ে গত বুধবার হাসপাতালে ভর্তি হন তিনি। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে শিশুটি মারা যায়।
স্বজনদের অভিযোগ, চিকিৎসা বিল পরিশোধ করতে না পারায় প্রসূতিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়নি। ফলে মায়ের অনুপস্থিতিতেই নবজাতকের জানাজা ও দাফন সম্পন্ন করতে বাধ্য হয় পরিবার। ঘটনাটি স্থানীয়দের মধ্যে গভীর বেদনা ও মানবিক উদ্বেগের সৃষ্টি করে।
স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন দ্রুত হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে উপজেলা পরিষদের তহবিল থেকে চিকিৎসা ব্যয়ের অর্থ পরিশোধে সহায়তার আশ্বাস দেওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতিকে ছাড়পত্র দেয় এবং তিনি বাড়ি ফিরে যান।
ইউএনও সাদ্দাম হোসেন বলেন, “দরিদ্র রোগীদের জন্য বিশেষ ছাড় বা বিনা মূল্যে চিকিৎসার সুযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে একজন অসহায় মাকে বিলের কারণে আটকে রাখা মানবিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
এ বিষয়ে ল্যাম্ব হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাইমন বলেন, “রোগীকে আটকে রাখা হয়নি। চিকিৎসা বিল পরিশোধের বিষয়ে আলোচনা চলছিল। প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস পাওয়ার পরই রোগীর মাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।”
তবে রোগীর স্বজনদের দাবি, চিকিৎসা বিল পরিশোধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত প্রসূতিকে হাসপাতাল ত্যাগ করতে দেওয়া হয়নি।
এ ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্যসেবায় মানবিক মূল্যবোধ, দরিদ্র রোগীদের প্রতি দায়িত্বশীলতা এবং সংকটময় সময়ে সহানুভূতিশীল আচরণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় সচেতন মহলের মতে, এমন পরিস্থিতিতে আর্থিক অসচ্ছল রোগীদের জন্য আরও কার্যকর সহায়তা ও মানবিক ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
এদিকে, বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে এনে কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়তা করায় পার্বতীপুরের দায়িত্বশীল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দিনাজপুরের সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, সাংবাদিকদের সময়োপযোগী ও দায়িত্বশীল ভূমিকার কারণেই একজন অসহায় মায়ের দুর্ভোগের দ্রুত অবসান সম্ভব হয়েছে। জনস্বার্থে এমন মানবিক সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত