দিনাজপুরের হিলিতে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বাড়িতে অবস্থান নেন ৪৮ বছর বয়সী এক নারী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুজনকে থানায় নিয়ে যায় পুলিশ।
বুধবার (৯ জুলাই) সকাল থেকে হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের কাকডিমা গ্রামে এমাজুল হকের বাড়ির সামনে অবস্থান নেন রাবেয়া বেগম (৪৮)। তারা সম্পর্কে দেবর-ভাবী।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে থানায় নিয়ে যায়। পরে পরিবারের সদস্যদের অনুরোধে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার শর্তে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
আলীহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান জানান, উভয় পরিবারের আলোচনায় এক লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে তাদের বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ চলছে। বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, প্রায় এক বছর ধরে মোবাইল ফোনে দুজনের মধ্যে যোগাযোগ ছিল। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই নারী বিয়ের প্রস্তাব দিলে এমাজুল হক তাতে রাজি না হওয়ায় তিনি তার বাড়ির সামনে অবস্থান নেন।
পুলিশ জানায়, এমাজুল হক পেশায় কৃষক এবং তিনি এক সন্তানের বাবা। অপরদিকে রাবেয়া বেগম তিন সন্তানের জননী। দুই পরিবারের সঙ্গে আলোচনা করে বিষয়টি সামাজিকভাবে সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত