লক্ষ্মীপুরের রায়পুরে শিক্ষিকা স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে তাকে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া শিক্ষক হলেন উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামের আবদুল মজিদের ছেলে হারুন অর রশীদ (৪৩)। তিনি রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক।
রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল মান্নান জানান, উপজেলার রাখালিয়া গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে ও রাখালিয়া আহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমাতুল জান্নাতের (৩৫) সঙ্গে প্রায় ১৫ বছর আগে সামাজিকভাবে হারুন অর রশীদের বিয়ে হয়। তাদের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছেলে রয়েছে। ফাতেমাতুল জান্নাত অভিযোগ করেন, বিয়ের পর থেকে তিনি নিজের উপার্জিত অর্থ এবং যৌতুক হিসেবে দেওয়া ২ লাখ টাকাসহ বিভিন্ন সময় স্বামীর হাতে তুলে দিয়েছেন। ওই টাকা দিয়ে একটি মোটরসাইকেল কেনা হয়। এরপরও টাকার জন্য স্বামী তাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ফাতেমাতুল জান্নাত বাদী হয়ে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী হারুন অর রশীদ এবং তার ভাই এমরান হোসেনের (৩০) বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর দুপুরে থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন অভিযান চালিয়ে হারুন অর রশীদকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেন। পরে বিকেলে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়।
মতামত