ভোরের আলো তখনো ঢাকা শহরের আকাশ ছুঁতে পারেনি। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। প্রকৃতি যেন এক মহাপ্রলয়ের পূর্বাভাস দিচ্ছে। মতিঝিলের আকাশছোঁয়া ভবনগুলো দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে। শাপলা চত্বর—যেখানে মানুষের ঢল নেমেছিল হকের সন্ধানে।
সেই চত্বরে সেদিন কোনো উৎসব ছিল না, ছিল না কোনো কৃত্রিম আয়োজন। ছিল কেবল একঝাঁক শুভ্র বসন পরা মানুষের হৃদয়ের গভীর থেকে আসা আকুতি। সেই রাতের আঁধার শুধু অন্ধকার ছিল না, ছিল এক বিভীষিকার চাদর।
আজ ইতিহাসের সেই রক্তিম পাতাটি উল্টাতে বসলে কলম থমকে দাঁড়ায়। বুকের ভেতর এক অদৃশ্য হাহাকার বেজে ওঠে। ৫ মে ২০১৩। বাংলার আনাচ-কানাচ থেকে ছুটে এসেছিল ঈমানদীপ্ত জনতা। তাদের হাতে ছিল না কোনো মারণাস্ত্র। তাদের চোখে ছিল না কোনো ক্ষমতার মোহ। তাদের মুখে ছিল কেবল তাসবিহ আর তাকবিরের ধ্বনি।
তারা এসেছিল প্রাণের দাবি নিয়ে। তাদের বিশ্বাস ছিল, সত্যের পথে দাঁড়িয়ে প্রতিবাদ করাটাই বীরত্ব। তপ্ত রোদ উপেক্ষা করে শাপলা চত্বরে একাকার হয়েছিল আলেম-উলামা আর সাধারণ মানুষ। এই মিলনমেলা ছিল ভালোবাসার। এই জমায়েত ছিল আদর্শের। তাদের সরল বিশ্বাস ছিল, এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে তারা আল্লাহর বড়ত্ব ঘোষণা করবে। তারা জানত না, এই চত্বরের মাটি তাদেরই রক্তে রঞ্জিত হওয়ার অপেক্ষায় আছে।
রাত বাড়ার সাথে সাথে রাজপথের চিত্র বদলাতে শুরু করে। একদিকে ঘুমন্ত মানুষের দীর্ঘশ্বাস, অন্যদিকে রাষ্ট্রের কঠোর প্রস্তুতির শব্দ। চারপাশ থেকে নিভে যেতে থাকে আলো। নিঝুম আঁধারে যেন এক গভীর ষড়যন্ত্র ডানা মেলছে। যখন মানুষ তসবিহ হাতে মোনাজাতে মগ্ন, যখন ক্লান্ত শরীরগুলো একটু বিশ্রামের খোঁজে ফুটপাতে শুয়ে পড়েছে, ঠিক তখনই শুরু হলো সেই তাণ্ডব। মুহূর্তের মধ্যে আকাশ চিরে নেমে এল আলোর ঝলকানি। কিন্তু সে আলো ভোরের নয়, সে আলো ছিল প্রাণঘাতী বারুদের। চারিদিকে কানফাঁটা আওয়াজ।
মুহুর্মুহু শব্দে কেঁপে উঠল রাজধানীর বুক। নিরস্ত্র মানুষগুলো বুঝে ওঠার আগেই চারপাশ হয়ে উঠল রণক্ষেত্র। কান্নার আওয়াজ ছাপিয়ে গেল বুলেটের গর্জনে। সেই রাতে শাপলার আকাশ যেন আর্তনাদে ফেটে পড়ছিল। শান্তিপ্রিয় সেই মানুষগুলো তখন দিশেহারা। তারা কোথায় যাবে? কেউ মসজিদে আশ্রয় নিচ্ছে, কেউ বা পাশের গলিতে। কিন্তু রেহাই মেলেনি কোথাও। বৃষ্টির মতো ঝরেছে টিয়ারশেল আর গুলি।
একেকটি বুলেটের আঘাতে লুটিয়ে পড়ছিল একেকটি তাজা প্রাণ। কারো হাতে ছিল কোরআন শরিফ, কারো পকেটে ছিল সিওয়াক। সেই পবিত্র জিনিসগুলো ধুলোয় লুটিয়ে পড়ল। শাপলা চত্বরের সেই আইকনিক ভাস্কর্যটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মানুষের এই চরম অসহায়ত্ব। সেই রাতে কত মা তাদের সন্তান হারিয়েছেন, তার হিসাব নেই। কত বোন তার ভাইয়ের পথ চেয়ে চেয়ে চোখ ভিজিয়েছেন, তার কোনো পরিসংখ্যান নেই। সেই রক্তের কোনো সীমানা ছিল না। রাস্তার পিচ ঢালা কালো পথ লাল হয়ে উঠেছিল। সেই রক্ত কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয়, সেই রক্ত ছিল এদেশেরই মাটির মানুষের। তারা কোনো রাষ্ট্রদ্রোহী ছিল না, তারা ছিল কেবল এক বিশ্বাসী হৃদয়ের অধিকারী।
সেদিন মানবতা মুখ থুবড়ে পড়েছিল রাজনীতির মারপ্যাঁচে। রাতের অন্ধকারে যখন লাশগুলো সরিয়ে নেওয়া হচ্ছিল, তখন পৃথিবীর বিবেক ঘুমিয়ে ছিল। পরদিন সকালে সূর্য উঠলেও ঢাকা শহর ছিল বিষণ্ণ। শাপলা চত্বরের সেই পোড়া গন্ধ, ছড়িয়ে থাকা জুতো আর ছেঁড়া কিতাবগুলো যেন চিৎকার করে বিচার চাইছিল। ৫ মে কেবল একটি তারিখ নয়। এটি একটি চেতনার নাম। এটি অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের নাম। সেদিন যারা জীবন দিয়েছিলেন, তারা হারিয়ে যাননি। তারা মিশে আছেন এই বাংলার ধুলিকণায়।
তাদের এই ত্যাগ বৃথা যাওয়ার নয়। কারণ, সত্য কখনো রক্তের স্রোতে ভেসে যায় না। বরং রক্ত যত ঝরবে, সত্য তত বেশি উজ্জ্বল হয়ে ফিরে আসবে। শাপলা গণহত্যা আমাদের শিখিয়ে দিয়ে গেছে, ঈমানের জন্য জীবন দিতে কুণ্ঠাবোধ করতে হয় না। যারা সেদিন শাহাদাতের সুধা পান করেছেন, তারা অমর। তারা বেঁচে থাকবেন ইতিহাসের স্বর্ণাক্ষরে। তাদের স্মৃতি আমাদের সাহস যোগায়। তাদের ত্যাগ আমাদের মনে করিয়ে দেয়, এই মাটি বীরের মাটি। শাপলা চত্বর আজ কেবল একটি মোড় নয়, এটি একটি স্মৃতির অমলিন মিনার। প্রতিটি ৫ মে যখন ফিরে আসে, তখন মানুষ গুমরে কাঁদে। সেই রাতের সেই নীরব হাহাকার এখনো বাতাসে ভেসে বেড়ায়। শাপলা চত্বরের সেই স্মৃতি কোনোদিন মুছে যাবে না।
যতকাল এই দেশ থাকবে, যতকাল ইসলাম থাকবে, ততকাল এই শহীদদের কথা মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ইতিহাসের কিছু অধ্যায় চিরকাল অমীমাংসিত থেকে যায়। কিন্তু সত্য সবসময় মানুষের মনে অমর হয়ে থাকে। শাপলা চত্বরের সেই পবিত্র রাতে যারা নিজেদের বিলিয়ে দিয়েছিলেন, তারা পৃথিবীর সেরা বীর। তাদের রক্তে লেখা এই আলেখ্য আমাদের জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ। সেই ত্যাগের মহিমা প্রতিটি মানুষের হৃদয়ে গেঁথে থাকুক। শাপলা চত্বর বেঁচে থাকুক আমাদের আত্মমর্যাদার প্রতীক হয়ে। ৫ মে চিরকাল আমাদের শিখিয়ে যাক—অন্যায়ের কাছে মাথা নত না করার অমর পাঠ। শহীদের রক্ত কখনো বৃথা যায় না। শাপলা আজও আমাদের প্রেরণা। শাপলা আজও আমাদের ঈমানি গায়রত। সত্যের এই মিছিল কখনো থামবার নয়, রক্তের আখরে লেখা এই গল্প অক্ষয় হয়ে থাকবে বাংলার হৃদয়ে।
লেখক: সভাপতি, বাংলা সাহিত্য আন্দোলন।
মতামত