গোপালগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় জন্মদাতা পিতাকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার দায়ে আলীম কাজী (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মাদ সামছুল হক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আলীম কাজী গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকার মৃত ইসমাইল কাজীর ছেলে।
মামলার বিবরণী সূত্রে জানা যায়, আলীম কাজী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ২০২৩ সালের ১২ মে সন্ধ্যায় তিনি মাদক সেবন করে বাড়িতে ফিরে বিশৃঙ্খলা ও ভাঙচুর শুরু করেন। এ সময় তার বাবা ইসমাইল কাজী বাধা দিলে আলীম ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যান।
পরদিন ১৩ মে সকালে ইসমাইল কাজী বাড়ির পাশে আখের রস বিক্রির উদ্দেশ্যে আখ পরিষ্কার করছিলেন। এ সময় আলীম একটি ধারালো বটি নিয়ে এসে অতর্কিতভাবে তার বাবার গলায় কোপ দেন। এতে ইসমাইল কাজীর শ্বাসনালী কেটে যায় এবং তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর দায়ের করা হত্যা মামলার বিচারিক কার্যক্রম শেষে আজ সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত তথ্যের ভিত্তিতে আদালত আলীম কাজীকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন।
মতামত