মহা পবিত্র ফাতেহা শরীফ (৭ সফর) উপলক্ষে ঝালকাঠিতে জাকের পার্টির উদ্যোগে দাওয়াতি মিশন ও এক বর্ণাঢ্য পথসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নারী-পুরুষসহ শত শত মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, পথসভাটি গাবখান ব্রিজের ঢাল থেকে শুরু হয়ে ঝালকাঠি আবাসন স্কুল মাঠ (কিস্তাকাঠি) এলাকায় গিয়ে সমাপ্ত হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ধর্মীয় ও সাংগঠনিক স্লোগান দেন এবং ৭ সফর উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব খাজা ডা. সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী।
সভায় সভাপতিত্ব করেন জাকের পার্টি ঝালকাঠি জেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আবুবক্কর সিদ্দিক রাজাপুরি।
আয়োজকরা জানান, মহা পবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে ধর্মীয় চেতনা, নৈতিক মূল্যবোধ এবং দাওয়াতি কার্যক্রমকে মানুষের মাঝে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি জাকের পার্টি ঝালকাঠি জেলা ও এর সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
মতামত