একটি জাতির মেরুদণ্ড হলো তার আইন-শৃঙ্খলা রক্ষা ব্যবস্থা, আর সেই ব্যবস্থার প্রাণশক্তি হলো কিছু নির্লোভ, নির্ভীক, সৎ ও প্রজ্ঞাবান মানুষ। বাংলাদেশ পুলিশের সুদীর্ঘ পথচলায় এমন কিছু নক্ষত্রের দেখা মেলে, যাঁদের কর্মনিষ্ঠার স্নিগ্ধ ছোঁয়ায় প্রতিষ্ঠানটির সেবার ধরণ ও জনমানুষের আস্থার চিত্রটিই বদলে যায়। রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার নেপথ্যে নিরলসভাবে কাজ করেন তাঁদের মতো কিছু নিবেদিতপ্রাণ মানুষ। প্রচারের আলো থেকে দূরে থেকেও তাঁদের সততা, সাহসিকতা, প্রজ্ঞা ও পেশাদারিত্বই একটি দেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে করে তোলে আরও শক্তিশালী ও জনমুখী। সেই উজ্জ্বল নক্ষত্রদেরই একজন, রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনসেবায় নিবেদিত এক অনুপ্রেরণার প্রতীক জনাব এ কে এম আওলাদ হোসেন।
বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) হিসেবে রাষ্ট্রের নিরাপত্তায় অতন্দ্র প্রহরীর ভূমিকায় আসীন। তিন দশকেরও বেশি সময় ধরে সততা, পেশাদারিত্ব, মানবিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে তিনি গড়ে তুলেছেন এক অনুকরণীয় কর্মজীবন। তাঁর দীর্ঘ পথচলা কেবল একজন সফল পুলিশ কর্মকর্তার গল্প নয়; বরং নিষ্ঠা, অধ্যবসায় ও আদর্শের শক্তিতে কীভাবে সাফল্যের শিখরে পৌঁছানো যায়, তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এক অদম্য পথচলা
পদ্মা-মেঘনা বিধৌত মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বজ্রযোগিনী ইউনিয়নের এক শান্ত-নিবিড় পরিবেশে তাঁর বেড়ে ওঠা। সাধারণ এক পরিবার থেকে উঠে আসা এই মানুষটি নিজের মেধা আর হিমালয়সম আত্মবিশ্বাসকে পুঁজি করে জয় করেছেন একের পর এক দুর্গম পথ। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে যখন তিনি কর্মজীবন শুরু করেন, তখন থেকেই তাঁর চোখে ছিল এক আধুনিক ও জনবান্ধব পুলিশি ব্যবস্থার স্বপ্ন।
কর্মজীবনের শুরু থেকেই তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন দেশের প্রতিটি কোণায়। নোয়াখালী থেকে শুরু করে যশোর, চুয়াডাঙ্গা, এসবি কিংবা ডিএমপি - যেখানেই রয়েছে তাঁর পদচারণা, সেখানেই প্রতিষ্ঠিত হয়েছে শৃঙ্খলা। পুলিশ সুপার হিসেবে মেহেরপুর জেলা কিংবা ঢাকা ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালনকালে তিনি প্রমাণ করেছেন যে, কঠোর প্রশাসনিক দক্ষতা আর মানবিক মূল্যবোধের সমন্বয় কীভাবে গড়ে তুলতে হয়। ট্যুরিস্ট পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশে তাঁর সময়োচিত পদক্ষেপগুলো যেন আজও প্রশংসার সাথে স্মরণ করা হয়।
জনাব এ কে এম আওলাদ হোসেনের দক্ষতা কেবল দেশের সীমানাতেই সীমাবদ্ধ থাকেনি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের নীল হেলমেট পরে তিনি কসোভো, পূর্ব তিমুর এবং সুদানের দারফুরে শান্তি স্থাপনের কারিগর হিসেবে কাজ করেছেন। বিদেশের প্রতিকূল পরিবেশে তাঁর এই অসামান্য নৈপুণ্য বিশ্বদরবারে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। যার ধারাবাহিকতায়, আন্তর্জাতিক সেই অভিজ্ঞতাকে তিনি কাজে লাগিয়েছেন নিজ দেশের পুলিশিং ব্যবস্থার আধুনিকায়নে।
সততার স্বীকৃতি:
কর্মজীবনের প্রতিটি ধাপেই তিনি দক্ষতা, সততা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখে নিজেকে একজন বিচক্ষণ প্রশাসক হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছেন। অতিরিক্ত আইজিপি (প্রশাসন) হিসেবে তিনি প্রশাসনিক কার্যক্রম ও জনবল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তাঁর নেতৃত্ব, অভিজ্ঞতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের ৪ জুন তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) পদে পদোন্নতি লাভ করেন। এই পদোন্নতি ছিল তাঁর নিরলস কর্মনিষ্ঠা, দক্ষ নেতৃত্ব ও রাষ্ট্রের প্রতি নিবেদিত সেবার এক মর্যাদাপূর্ণ স্বীকৃতি।
জানা গেছে, সহকর্মীদের কাছে তিনি একজন বিচক্ষণ পথপ্রদর্শক, আর সাধারণ মানুষের কাছে এক আস্থার নাম। তাঁর নেতৃত্বে রয়েছে বজ্রের মতো কঠোরতা আর হৃদয়ে রয়েছে কুসুমের মতো কোমলতা। শৃঙ্খলার প্রশ্নে তিনি যেমন আপসহীন, সাধারণের বিপদে তিনি তেমনই এক মমতাময়ী অভিভাবক। এই ভারসাপূর্ণ ব্যক্তিত্বই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।
সততা, সাহস, প্রজ্ঞা ও পেশাদারিত্বের এক উজ্জ্বল প্রতীক জনাব এ কে এম আওলাদ হোসেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রমাণ করেছেন, দায়িত্বের প্রতি অবিচল নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও দেশপ্রেম থাকলে সাফল্যের সর্বোচ্চ শিখরও স্পর্শ করা সম্ভব। বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন, জনবান্ধব পুলিশিং এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসেবার অগ্রযাত্রায় তাঁর অবদান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। একজন দক্ষ প্রশাসক, দূরদর্শী নেতৃত্ব এবং মানবিক ব্যক্তিত্ব হিসেবে তিনি শুধু সহকর্মীদের কাছেই নন, নতুন প্রজন্মের কাছেও অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর কর্মময় জীবন ভবিষ্যতেও দেশসেবা ও পেশাদারিত্বের আদর্শ হয়ে থাকবে, এমনটাই আকাঙ্ক্ষা শুভাকাঙ্ক্ষীদের।
মতামত