গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কেতকিরহাট এলাকার মাঝিপাড়া গ্রামে শাহজালাল মিয়া (৩৫) হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্ত গোলাম হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভে ফুঁসে উঠেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদ গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলছড়ি উপজেলা আমির সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল সরকার, এইচ এম সোলায়মান হোসেন শহীদ, এনসিপি নেতা জাহিদ হাসান জীবন, নিহতের স্ত্রী পারুল বেগম, ভাই হালিম এবং চাচা জাহাঙ্গীর।
বক্তারা অভিযোগ করেন, গত ১২ জুলাই গভীর রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় শাহজালাল মিয়াকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে জামাল মিয়ার ছেলে গোলাম হোসেনের নাম এজাহারে উল্লেখ থাকলেও ঘটনার এক সপ্তাহ পরও তিনি গ্রেপ্তারের বাইরে রয়েছেন। এতে নিহতের পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামি দীর্ঘ সময় ধরেও গ্রেপ্তার না হওয়ায় জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তারা দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন থেকে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বক্তারা ঘোষণা দেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও এবং ফুলছড়ি থানা ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
নিহতের স্বজনরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর থেকে তারা আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দ্রুত আসামিকে গ্রেপ্তার করে বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, "আমাদের ধারণা, অভিযুক্ত বর্তমানে কোনো মোবাইল ফোন ব্যবহার করছে না। তারপরও প্রযুক্তির সহায়তাসহ সব ধরনের উপায়ে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি, দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে। বাদীপক্ষকে কিছুটা ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি।"
উল্লেখ্য, গত ১২ জুলাই গভীর রাতে ফুলছড়ি উপজেলার কেতকিরহাট এলাকার মাঝিপাড়া গ্রামে নিজ বাড়িতে শাহজালাল মিয়াকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের পর থেকে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে স্থানীয়দের আন্দোলন অব্যাহত রয়েছে।
মতামত