সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে এবং সরকারি কর্মচারী হাসপাতালের সহযোগিতায় ঠোঁট কাটা ও তালু কাটা অপারেশন কর্মসূচিতে অংশ নিতে আসা রোগী ও তাদের অভিভাবকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত বিশেষ চক্ষু ক্যাম্পে মোট ১৫৮ জনের চোখ পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২৬ জনের নিকট দৃষ্টির ত্রুটি (প্রেসবায়োপিয়া) শনাক্ত করে তাদের বিনামূল্যে চশমা প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের দৃষ্টিশক্তি উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আ. রাজ্জাক সরকার এবং অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) মো. রুহুল আমিন।
সাজেদা ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক (ডেভেলপমেন্ট প্রোগ্রাম) তামান্না ফেরদৌস, প্রোগ্রাম ম্যানেজার (আরজিআইএল) ডা. খাদিম আল দ্বীন, ফিল্ড অপারেশন ম্যানেজার আমিনুল ইসলামসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।
সাজেদা ফাউন্ডেশন ও ভিশনস্প্রিং-এর কারিগরি সহযোগিতায় পরিচালিত আরজিআইএল (RGIL) প্রকল্প বর্তমানে দেশের ৩০টি জেলায় বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার জানান, এ পর্যন্ত প্রায় ১ লাখ ৪২ হাজার মানুষের নিকট দৃষ্টির ত্রুটি (প্রেসবায়োপিয়া) শনাক্ত করা হয়েছে এবং ১ লাখ ১৬ হাজার মানুষের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক মো. আ. রাজ্জাক সরকার বলেন, "নিকট দৃষ্টির ত্রুটির এত সহজ সমাধান রয়েছে, তা আমার জানা ছিল না।" তিনি এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আশা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মতামত