বাংলাদেশের পার্বত্যাঞ্চলের বিলুপ্তপ্রায় রেংমিৎচা ভাষা এখন অস্তিত্ব সংকটে। একসময় এই ভাষায় কথা বলতে পারতেন কয়েক ডজন মানুষ, কিন্তু বর্তমানে জীবিত ভাষাভাষীর সংখ্যা নেমে এসেছে মাত্র পাঁচজনে। চলতি বছরের ৫ মে নাইক্ষ্যংছড়ির সাং প্লইং এলাকার মাংওয়াই ম্রো (৬৪) মৃত্যুবরণ করার পর ভাষাটির ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
বর্তমানে রেংমিৎচা ভাষার প্রধান জীবন্ত ধারক রয়েছেন মাংওয়াই ম্রোর দুই বড় ভাই—মাংপুং ম্রো (৭৪) ও রেংপুং ম্রো (৭০)। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন তাঁরা। ফলে ভাষাটি হারিয়ে যাওয়ার আশঙ্কা আরও তীব্র হয়েছে।
আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ ডাবলিনে ‘রেংমিৎচা ভাষার নথিভুক্তকরণ: বাংলাদেশের একটি অতি বিপন্ন ভাষা’ শীর্ষক বিষয়ে পিএইচডি গবেষণা করছেন গবেষক আফসানা ফেরদৌস। তিনি জানান, আলীকদম উপজেলার তৈনখালের ক্রাংসি পাড়ার বাসিন্দারা তাঁকে মাংওয়াই ম্রোর মৃত্যুর খবর জানান। তাঁর মতে, রেংমিৎচা ভাষার অস্তিত্ব এখন সময়ের বিরুদ্ধে এক কঠিন সংগ্রাম।
রেংমিৎচা ভাষা আংশিক বলতে পারেন এমন প্রবীণ রেংপুং ম্রো হেডম্যান বলেন, “নতুন প্রজন্মের কেউ আর এই ভাষা শিখতে আগ্রহী নয়। আমরা একে একে চলে গেলে রেংমিৎচা ভাষায় কথা বলার আর কেউ থাকবে না।”
রেংমিৎচা ভাষার অস্তিত্ব প্রথম নথিভুক্ত করেন জার্মান নৃবিজ্ঞানী লরেন্স জি. লোফলার। ১৯৬০ সালে প্রকাশিত তাঁর গবেষণায় ভাষাটি ও এর ভাষাভাষীদের উল্লেখ পাওয়া যায়। পরে নব্বইয়ের দশক থেকে মার্কিন ভাষাবিজ্ঞানী ডেভিড জে. পিটারসন আলীকদমের দুর্গম তৈনখাল এলাকায় গবেষণা চালিয়ে রেংমিৎচা ভাষায় কথা বলতে পারেন এমন প্রায় ৩০ জন মানুষের সন্ধান পান।
ভাষাটি সংরক্ষণের জন্য বিভিন্ন সময়ে উদ্যোগও নেওয়া হয়েছে। ম্রো লেখক ইয়াং ঙান রেংমিৎচা ভাষা নিয়ে একটি গ্রন্থ প্রকাশ করেছেন। গবেষক আফসানা ফেরদৌস বর্তমানে ভাষাটি নিয়ে পিএইচডি গবেষণা করছেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটও ভাষাটির ওপর একটি তথ্যচিত্র নির্মাণ করেছে। গবেষকদের মতে, ভাষাটি বিলুপ্ত হলেও এসব গবেষণা ও নথিপত্র ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর গুরুত্বপূর্ণ সাক্ষ্য হয়ে থাকবে।
১৯৮৯ সালের পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ আইনে পার্বত্য চট্টগ্রামের ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০টি ভাষার উল্লেখ থাকলেও দীর্ঘদিন রেংমিৎচা ভাষাভাষীরা গবেষণা ও প্রশাসনিক আলোচনার বাইরে ছিল।
বান্দরবান সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুচিত্রা তঞ্চঙ্গ্যা বলেন, নব্বইয়ের দশকে তঞ্চঙ্গ্যা ভাষাকে স্বতন্ত্র ভাষা হিসেবে প্রতিষ্ঠায় তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএসআই) তঞ্চঙ্গ্যা ভাষার বর্ণমালাও প্রকাশ করে।
কেএসআইয়ের সাবেক পরিচালক মং নু চিং জানান, একসময় অনেকেই জানতেন না যে বান্দরবানে রেংমিৎচা নামে আলাদা একটি ভাষা রয়েছে। ম্রো জনগোষ্ঠীর জীবনযাপন ও সংস্কৃতির সঙ্গে মিল থাকায় তাঁদের ম্রো হিসেবেই চিহ্নিত করা হতো। ডেভিড জে. পিটারসনের গবেষণার মাধ্যমে বিষয়টি সামনে আসে এবং ২০০৭ সালে বান্দরবান প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রথমবারের মতো রেংমিৎচা ভাষার অস্তিত্ব জনসমক্ষে তুলে ধরা হয়।
সম্প্রতি আলীকদমে রেংপুং ম্রো হেডম্যান বলেন, “রেংমিৎচা ভাষা জানা সবাই এখন বয়োবৃদ্ধ। তাঁরা আর কতদিন বাঁচবেন?” তাঁর সেই আশঙ্কাই সত্যি হয়েছে। মাংওয়াই ম্রোর মৃত্যুর পর বর্তমানে ভাষাটি জানেন এমন মানুষের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র পাঁচজনে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য এবং ম্রো ভাষার কবি-সাহিত্যিক সিং ইয়ং ম্রো বলেন, ম্রো জনগোষ্ঠীর বসবাস বাংলাদেশ ছাড়াও ভারত, মিয়ানমার, চীন ও থাইল্যান্ডে রয়েছে। তবে বাংলাদেশের একমাত্র আবাসস্থল বান্দরবান। তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামের চতুর্থ বৃহত্তম নৃগোষ্ঠী হওয়া সত্ত্বেও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে আমরা এখনো অনেক পিছিয়ে।”
চিম্বুক অঞ্চল ছাড়াও আলীকদমের তৈনখাল অববাহিকায় বহু ম্রো পরিবারের বসবাস। গবেষণাকালে ডেভিড জে. পিটারসন এই এলাকাতেই রেংমিৎচা ভাষার শেষ আশ্রয় খুঁজে পান। ক্রাংসি পাড়া ও আশপাশে তিনি ভাষাটি জানা কয়েকজন মানুষের সন্ধান পান। তাঁদের মধ্যে ছিলেন একই পরিবারের তিন ভাই মাংপুং ম্রো, রেংপুং ম্রো ও মাংওয়াই ম্রো; পাশাপাশি ছিলেন মেনসিং পাড়ার থোয়াই লক ম্রো এবং ক্রাংসি পাড়ার কুনরাও ম্রো।
জীবিকার প্রয়োজনে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ায় ভাষাটির চর্চা ক্রমেই কমে গেছে। বর্তমানে মাংপুং ম্রো বসবাস করছেন আলীকদমের ক্রাংসি এলাকায়, রেংপুং ম্রো নাইক্ষ্যংছড়ির ওয়াইবট এলাকায় এবং প্রয়াত মাংওয়াই ম্রোর বাড়ি ছিল সাং প্লইং এলাকায়।
তরুণ ম্রো লেখক ইয়াং ঙান মনে করেন, ভাষাটি জানা মানুষগুলো যদি একই এলাকায় একসঙ্গে বসবাস করতেন, তবে মাতৃভাষার চর্চা অন্তত কিছুটা হলেও টিকে থাকত। তিনি প্রশ্ন রাখেন, “আমাদের রাষ্ট্র কি একটি ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য কার্যকর উদ্যোগ নিতে পারে না?”
রেংমিৎচা ভাষার বর্তমান অবস্থা শুধু একটি ভাষার বিলুপ্তির গল্প নয়; এটি বাংলাদেশের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।
মতামত