১৯ জুলাই ২০২৬: দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে মাদক কেনাবেচা ও সেবন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেনের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, পৌরসভার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসীর পক্ষ থেকে স্মারকলিপিতে ৫৭ জনের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদান শেষে পার্বতীপুর প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, "এলাকাবাসীর দেওয়া স্মারকলিপিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট এলাকায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।"
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে পার্বতীপুর পৌরসভাকে মাদকমুক্ত করে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
মতামত