দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া রেঞ্জের আওতাধীন ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের পাঁচপুকুর মৌজায় বন বিভাগের বৃক্ষরোপণ এলাকায় ট্রাক্টর দিয়ে জমি চাষ করায় বিপুলসংখ্যক চারাগাছ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বন বিভাগ ও স্থানীয়দের মধ্যে জমির মালিকানা নিয়ে চলমান বিরোধ নতুন করে আলোচনায় এসেছে।
সরেজমিনে দেখা যায়, কয়েক মাস আগে রোপণ করা চারাগাছের সারির মাঝ দিয়ে জমি চাষ করা হয়েছে। অনেক স্থানে মাটি উল্টে যাওয়ায় চারাগাছ উপড়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দৃশ্যমান হয়। তবে কিছু চারা এখনও টিকে রয়েছে।
বন বিভাগের কর্মকর্তাদের দাবি, পরিবেশ সংরক্ষণ ও বনায়নের অংশ হিসেবে সরকারি জমিতে বৃক্ষরোপণ করা হয়েছিল। চারাগুলো বড় হতে শুরু করার পর রাতের আঁধারে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয়, এতে উল্লেখযোগ্য সংখ্যক চারা নষ্ট হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও তারা জানান।
অন্যদিকে স্থানীয় কয়েকজন কৃষকের দাবি, সংশ্লিষ্ট জমি তাদের বৈধ মালিকানাধীন। তারা জমির রেকর্ড থাকার কথাও উল্লেখ করেন। তবে এ বিষয়ে তাদের বিস্তারিত বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মধ্যপাড়া রেঞ্জের দায়িত্বশীল কর্মকর্তা বলেন, "যাদের কাছে জমির মালিকানার বৈধ কাগজপত্র রয়েছে, তারা তা নিয়ে অফিসে আসুন। সিএস, এসএ, আরএস, বিএস পর্চা, মৌজা মানচিত্র ও সরকারি রেকর্ড যাচাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।"
স্থানীয় সচেতন মহলের মতে, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উদ্যোগ। একই সঙ্গে জমির মালিকানা সংক্রান্ত বিরোধও আইন অনুযায়ী নিষ্পত্তি হওয়া প্রয়োজন। তাই প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
মতামত