দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ-২৪৫)-এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে মোট ৪৫ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার (১৯ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ইউনিয়ন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জুলফিকার হোসেন এবং সহকারী নির্বাচন কমিশনার গোলাম নবী দুলাল ও শহিদুল ইসলামের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে ৩ জন, কার্যকরী সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, অর্থ সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, সড়ক সম্পাদক পদে ২ জন, সহ-সড়ক সম্পাদক পদে ২ জন, প্রচার ও ক্রীড়া সম্পাদক পদে ৩ জন, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক পদে ৩ জন এবং কার্যকরী সদস্য পদে ১৬ জনসহ মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর আগে ১৭ ও ১৮ জুলাই দুই দিনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তবে শেষ পর্যন্ত একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি আরও জানান, ঘোষিত তফসিল অনুযায়ী ২০ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২১ জুলাই বাতিল হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে লিখিত আপত্তি গ্রহণ, আপিল শুনানি ও নিষ্পত্তি করা হবে। ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৩ জুলাই চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এছাড়া ২৭ জুলাই নমুনা ব্যালট পেপার প্রকাশ ও যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।
আগামী ১২ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনাজপুরের নভারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
মতামত