গুরুতর শারীরিক অসুস্থতা ও স্বাস্থ্যগত অসামর্থ্যের কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে স্পিকার নিজেই শীর্ষ এই পদে দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আনুষ্ঠানিকভাবে তার কাছে পদত্যাগপত্র জমা দেন। সাংবিধানিক নিয়ম মেনে তিনি ওই পদত্যাগপত্র গ্রহণ করেছেন, যা বর্তমানে জাতীয় সংসদে সংরক্ষিত রয়েছে। স্পিকার আরও নিশ্চিত করেন যে, রাষ্ট্রপতির পদত্যাগের পরপরই সংবিধানের নির্দেশিকা অনুযায়ী তিনি রাষ্ট্রের ভারপ্রাপ্ত দায়িত্ব বুঝে নিয়েছেন।
স্পিকার বরাবর পাঠানো পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি তার শারীরিক অবস্থার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি জটিলতাসহ নানা রোগে তিনি গুরুতরভাবে অসুস্থ। পূর্বে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও সম্পন্ন হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তার 'অটোনমিক নিউরোপ্যাথি' নামক একটি রোগ শনাক্ত হয়েছে, যার প্রভাবে তিনি মাঝে মাঝেই ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন।
এই একাধিক শারীরিক জটিলতা ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না বলে চিঠিতে জানানো হয়। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তা উপলব্ধি করে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি স্বেচ্ছায় এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন মো. সাহাবুদ্দিন।
মতামত